এথেন্স, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দেশকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচাতে ইউরোপীয় ইউনিয়নের চাপে বিরোধী দলের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি এবং গ্রিসের প্রধানমন্ত্রীর পদ থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন জর্জ পাপান্দ্রু।
গ্রিসের প্রেসিডেন্টের দপ্তর থেকে রোববার এক বিবৃতিতে জানানো হয়, নতুন ঐক্যমত্যের সরকার গঠনের পরপরই পাপা›দ্রু প্রধানমন্ত্রীর পদ ছাড়বেন।
দেনার দায়ে জর্জরিত গ্রিক সরকার নতুন করে ১৩০ বিলিয়ন ইউরো ঋণ চাওয়ার পর কঠোর ব্যয় সঙ্কোচনের শর্ত দেয় ইউরোপীয় ইউনিয়ন। সেই শর্ত কীভাবে মানা হবে- তা ঠিক করতে গিয়েই হুমকির মুখে পড়ে পাপা›দ্রুর পদ। তবে গত শনিবার পার্লামেন্টে আস্থা ভোটে কোনোক্রমে উৎরে যান তিনি।
এরপর ইউরোপীয় ইউনিয়ন সাফ জানিয়ে দেয়, ঋণ পেতে হলে বিরোধী দলের সঙ্গে সমঝোতায় এসে ঐক্যমত্যের সরকার গঠনের বিষয়ে সোমবারের মধ্যে স্পষ্ট ঘোষণা দিতে হবে গ্রিস সরকারকে।
এই পরিপ্রেক্ষিতে রোববার গভীর রাতে প্রধান বিরোধী দলীয় নেতা এন্টনিস সামারিসের সঙ্গে সমঝোতা বৈঠকে বসেন পাপা›দ্রু। প্রেসিডেন্ট কার্লোস পাপুলিয়াসও এ সময় উপস্থিত ছিলেন।
ওই বৈঠক শেষে প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়, গ্রিসে এবার ঐক্যমত্যের সরকার হচ্ছে।
পাপা›দ্রু ও সামারিসের মধ্যে কে এই জোট সরকারের নেতৃত্বে থাকবেন সেমবারই তা চূড়ান্ত হওয়ার কথা।
গত বছর গ্রিসের সরকারি বন্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে গিয়ে দেউলিয়া হওয়ার উপক্রম হয় দেশটির সরকারের। ওই অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে মোটা অংকের ঋণ নিয়ে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দেওয়া হলেও বিপুল পরিমাণ সরকারি ঋণ আর বেকারত্বের কারণে ইউরোপের এই দেশটিতে রাজনৈতিক অসন্তোষ দিন দিন বাড়তে থাকে।
ফলে এক বছরের মাথায় ইউরোপীয় ইউনিয়নের কাছে দ্বিতীয় দফা হাত পাততে হয় গ্রিস সরকারকে।
ইউরোপীয় ইউনিয়নের নেতারা গ্রিসকে দ্বিতীয় দফায় ১৩০ বিলিয়ন ইউরো ঋণের জন্য আবারো ব্যয়সঙ্কোচনের শর্ত দিলে কঠিন সঙ্কটে পড়েন পাপা›দ্রু। প্রথমদফা ঋণ নেওয়ার সময় পেনশনসহ বিভিন্ন সরকারি সুবিধা কমিয়ে দেওয়ায় ক্ষুব্ধ থাকা গ্রিকরা আরেক দফা ব্যয়সঙ্কোচন কীভাবে নেবে- তা নিয়ে শঙ্কিত পাপা›দ্রু বিষয়টি গণভোটে দেওয়ার পরিকল্পনা করেন। কিন্তু এ নিয়ে নিজের দলেই বিরোধিতার মুখ পড়েন তিনি। বিষয়টি শেষ পর্যন্ত আস্থা ভোটে গড়ায়।
গত শনিবার পার্লামেন্টে ক্ষমতা ভাগাভগির প্রতিশ্র"তি দিয়ে সেই আস্থা ভোটে জয়ী হন দুই বছর আগে গ্রিসের প্রধাননমন্ত্রীর দায়িত্ব নেওয়া পাপা›দ্রু। ৩০০ আসনের পার্লামেন্টে তার পক্ষে ভোট পড়ে ১৫৩টি। আর বিপক্ষে যায় ১৪৫ ভোট।
ওই ভোটের আগে দীর্ঘ বক্তৃতায় গ্রিক প্রধানমন্ত্রী বলেন, "আমি আমার পদ নিয়ে মোটেও কেয়ার করি না। আমি যাদি এ দায়িত্বে নাও থাকি, তাতেও কিছু যায় আসে না। এখন নতুন করে উদ্যোগ নেওয়ার সময় এসেছে.... আমি রাজনীতিকে কখনো পেশা হিসেবে নিতে চাইনি।"
প্রধানমন্ত্রী সেদিনই বলেন, ঐক্যমতের সরকার হলে সেই সরকারকে গ্রিসের স্বার্থে, ইউরোজোনের স্বার্থেই দ্বিতীয় দফা ঋণ নেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে হবে।
রোববারের সমঝোতা বৈঠকের পর গ্রিস সরকারের মুখপাত্র এলিয়াস মসিয়ালস সাংবাদিকদের বলেন, কয়েকদিনের মধ্যেই গ্রিসে একটি জোট সরকার হচ্ছে। এটি একটি বড় অগ্রগতি এবং গ্রিসের জন্য এটি ঐতিহাসিক ঘটনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১৩২০ ঘ.
bdnews24