ইসলামাবাদ, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ সাতজনকে অভিযুক্ত করেছে পাকিস্তানের একটি আদালত।
২০০৭ সালে রাওয়ালপিন্ডিতে এক সমাবেশে আত্মঘাতী হামলা ও বন্দুকধারীর গুলিতে নিহত হন মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।
শনিবার রাওয়ালপিন্ডিতে সন্ত্রাস দমন বিষয়ক একটি আদালত শুনানি শেষে এ হত্যা মামলায় দুই পুলিশ কর্মকর্তা ও পাঁচ জঙ্গিকে অভিযুক্ত করে।
সরকারি আইন কর্মকর্তা চৌধুরী জুলফিকার আলী রয়টার্সকে বলেন, বেনজীর ভুট্টোকে হত্যার ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে তাদের অভিযুক্ত করা হয়েছে।
পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মুশাররফের সঙ্গে সমঝোতা পর স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে ফেরার কয়েক সপ্তাহের মাথায় ২০০৭ সালের ২৭ ডিসেম্বর এক নির্বাচনী সমাবেশে হামলায় নিহত হন বেনজীর ভুট্টো।
এ হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানি তালেবান নেতা বায়তুল্লাহ মেহসুদের ওপর দায় চাপিয়ে আসছিলো মুশাররফের সরকার। ২০০৯ সালে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় মার্কিন চালকবিহীন বোমা হামলায় নিহত হন মেহসুদ।
সরকারপক্ষের আরেক আইনজীবী মোহাম্মদ আজহার বলেন, 'বেনজীর ভুট্টোর জন্য নিরাপত্তা পরিকল্পনার পরিবর্তন' করে নিরাপত্তা লঙ্ঘনের জন্য রাওয়ালপিন্ডির তখনকার পুলিশ প্রধান সাউদ আজিজসহ দুই পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে।
পারভেজ মুশাররফের বিরুদ্ধেও বেনজীর ভুট্টোকে যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ রয়েছে। বর্তমানে দুবাই ও লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন মুশাররফ।
এ অভিযোগে গত ফেব্র"য়ারিতে মুশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ওই আদালত। মুশাররফ তাতে সাড়া না দেওয়ায় পরবর্তীতে তাকে পলাতক ঘোষণা করা হয়। গত অগাস্টে পাকিস্তানে মুশাররফের সব সম্পত্তি বাজেয়াপ্ত ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেয় আদালত।
আইন কর্মকর্তা আলী বলেন, মুশাররফের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে আদালত।
গত বছর জাতিসংঘ তদন্ত কমিশনের একটি প্রতিবেদনে বলা হয়, গ্রহণযোগ্য কোনো তদন্তে এ হত্যাকাণ্ডের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের জড়িত থাকার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না।
তবে এ ঘটনায় কারা দোষী সে বিষয়ে ওই প্রতিবেদনে কিছু বলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জিএনএ/২২১৯ ঘ.
bdnews24