নিউ ইয়র্ক, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ন্যাটোর আফগান প্রশিক্ষণ মিশনের ডেপুটি কমান্ডার মেজর জেনারেল পিটার ফুলারকে বরখাস্ত করা হয়েছে।
আফগানিস্তানের নেতাদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করায় যুক্তরাষ্ট্রের উর্ধ্বতন এ কর্মকর্তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে পিটারকে আবারো নিয়োগ দেওয়া হবে নাকি তিনি অবসর গ্রহণ করবেন তা এখনও নিশ্চিত নয়।
এক সাক্ষাতকারে পিটার বলেন, আফগানিস্তানের নেতৃত্ব 'বাস্তবতা থেকে বিচ্ছিন্ন'।
আফগানিস্তানে মার্কিন বাহিনীর প্রধান বলেন, পিটারের এ মন্তব্য যুক্তরাষ্ট্র-আফগানিস্তানের সম্পর্ককে প্রকাশ করেনা।
পেন্টাগনের মুখপাত্র জর্জ লিটল জানান, প্রতিরক্ষা মন্ত্রী লিও প্যানেট্টা এ মন্তব্যের বিষয়ে সতর্ক রয়েছেন। তবে তিনি বলেছেন, পিটার প্রতিরক্ষা মন্ত্রণালয় নয় বরং নিজের হয়ে এ মন্তব্য করেছেন।
ওয়াশিংটন সফরকালে বৃহস্পতিবার পলিটিকো সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাতকারে পিটার বলেন, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই একজন গড়পরতা বক্তা।
তিনি বলেন, "যখন তারা প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে তখন তারা এমন এক নেতাকে পাচ্ছে যে জনগনের কাছে বেশি উন্মুক্ত।"
পিটার আরো জানান, অর্থনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র যে আফগানিস্তানের সঙ্গে যুক্ত রয়েছে তা আফগান জেনারেলদের বোঝানোর চেষ্টা করছেন তিনি।
গণমাধ্যমে কোনো বক্তব্য দিয়ে বিতর্কে জড়ানোর ক্ষেত্রে পিটারই প্রথম কোনো সামরিক ব্যক্তিত্ব নন। সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বড় ঘটনা হলো জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টালের পদত্যাগ।
ওবামা প্রশাসনের উর্ধ্বতন সদস্যদের বিষয়ে জটিল মন্তব্য করার পর ২০১০ সালের জুন মাসে আফগানিস্তানে মার্কিন বাহিনীর কমান্ডার হিসেবে পদত্যাগ করেন তিনি। তার এ মন্তব্য রোলিং স্টোন ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৪১ ঘ.
bdnews24