২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'কংগ্রেসের প্রধান হচ্ছেন রাহুল'

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতি রাহুল গান্ধী শিগগিরই দেশটির ক্ষমতাসীন দল কংগ্রেসের প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন বলে খবর প্রকাশ করেছে দ্য ইকনোমিক টাইমস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2011, 07:19 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ভারত, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতি রাহুল গান্ধী শিগগিরই দেশটির ক্ষমতাসীন দল কংগ্রেসের প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন বলে খবর প্রকাশ করেছে দ্য ইকনোমিক টাইমস। কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতার বরাত দিয়ে শনিবার পত্রিকাটির একটি প্রতিবেদনে বলা হয়, চার থেকে আট সপ্তাহের মধ্যে রাহুল কংগ্রেসের দায়িত্ব নিতে যাচ্ছেন। আর এর পরপরই কংগ্রেসের মূল কমিটি এবং সরকারে দিকনির্দেশনা দেওয়ার কাজ থেকে নিজেকে গুটিয়ে নেবেন রাহুলের মা এবং দলের বর্তমান সভানেত্রী সোনিয়া গান্ধী। ১৯৪৭ সালে ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর নেহেরু-গান্ধীর রাজনৈতিক উত্তরাধিকারীরাই অধিকাংশ সময় ভারতের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থেকেছে। কিন্তু বিগত নির্বাচনে জয়ী হয়েও দলের পক্ষ থেকে মনমোহন সিংকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে পাঠান সোনিয়া। তবে কংগ্রেসের প্রধান হিসেবে সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করা হয়। রাহুল কংগ্রেসের হাল ধরার জন্য প্রস্তুত হয়ে উঠেছেন কি না- তা নিয়ে বিতর্কের মধ্যেই চলতি বছরের শুরু থেকে ভারতীয় রাজনীতিতে অনেকটা সক্রিয় হয়ে ওঠেন গান্ধী পরিবারের এই উত্তরাধিকারী। আর গত সেপ্টেম্বরে কংগ্রেসের শীর্ষ নেতাদের বক্তব্য থেকে এটি স্পষ্ট হয়ে যায় যে, রাহুলই হচ্ছেন কংগ্রেসের পরবর্তী প্রধান। এমন একটি সময়ে রাহুলের দায়িত্ব নেওয়ার বিষয়টি সামনে চলে আসলো, যখন ক্ষমতাসীন দলটি কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং মূল্যস্ফীতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে রাহুলকে কংগ্রেসের দায়িত্ব দেওয়ার আগে সোনিয়ার আরো ভেবে দেখা প্রয়োজন বলে মত দিয়েছেন ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১৪ ঘ.