মেক্সিকো সিটি, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোর লা পিদাদ শহরের মেয়র রিকার্ডো গুজম্যান বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ফিলিপ কাল্ডেরনের বোনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোকালে তিনি নিহত হন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
মেক্সিকোর মিচোয়াক্যান প্রদেশের গভর্নর নির্বাচনে ফিলিপ কাল্ডেরনের বোন মারিয়া লুইসা কাল্ডেরন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফিলিপ, মারিয়া ও গুজম্যান তিনজনই ন্যাশনাল অ্যাকশন পাটির (পিএএন) সদস্য।
গুজম্যান নিহত হওয়ার ঘটনায় শোকপ্রকাশ করে প্রেসিডেন্ট ফিলিপ কাল্ডেরন তার টুইটার বার্তায় লেখেন, "গুজম্যান ছিলেন একজন সৎ মানুষ যিনি মিচোয়াক্যানের উন্নয়ন দেখতে চেয়েছিলেন।"
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আসন্ন ১৩ নভেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে গুজম্যান দলের পক্ষে প্রচারপত্র বিতরণ করার সময় তিনি নিহত হন।
তবে এতে করে দমে না গিয়ে প্রচারণা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন মারিয়া লুইসা কাল্ডেরন।
মিচোয়াক্যান থেকেই প্রেসিডেন্ট ফিলিপ কাল্ডেরন তার রাজনৈতিক জীবন শুরু করেন। ২০০৬ সালের ডিসেম্বরে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকেই দেশটিতে মাদকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন তিনি।
এরপর থেকে এ পর্যন্ত দেশটিতে মাদককেন্দ্রিক সহিংসতায় ৪৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩০০ ঘ.
bdnews24