২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৩০ আরোহীসহ বোয়িংয়ের জরুরি অবতরণ

পোল্যান্ডের রাজধানী ওয়ারশ'র আন্তর্জাতিক বিমানবন্দরে ২৩০ আরোহী নিয়ে অলৌকিকভাবে অক্ষত অবস্থায় জরুরী অবতরণ করেছে বোয়িং ৭৬৭।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 12:15 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ওয়ারস, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পোল্যান্ডের রাজধানী ওয়ারশ'র আন্তর্জাতিক বিমানবন্দরে ২৩০ আরোহী নিয়ে অলৌকিকভাবে অক্ষত অবস্থায় জরুরী অবতরণ করেছে বোয়িং ৭৬৭। ল্যান্ডিং গিয়ারে সমস্যা হওয়ায় বিমানটি চাকা ছাড়াই মাঝের অংশে ভর দিয়ে অবতরণ করে। এতে কেউই হতাহত হয়নি। বিমানটি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে ওয়ারশ যাচ্ছিলো। বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠান পোল্যান্ডের পতাকাবাহী এলওটি'র মুখপাত্র লেসজেক চোরজেওস্কি বলেন, "বিমানটির সব নিরাপত্তা ব্যবস্থা ঠিকমতো কাজ করেছে। এ কারণে বিমানের কোন আরোহী আহত হয়নি।" টেলিভিশনে প্রচারিত লাইভ ফুটেজে দেখা যায়, বিমানটি পেটের ওপর ভর দিয়ে রানওয়েতে নেমে যাচ্ছে, এসময় ঘর্ষণ জনিত কিছু অগ্নিস্ফুলিঙ্গ দেখা গেলেও রানওয়েতে ছড়িয়ে রাখা অগ্নিনির্বাপণ ফোমের কারণে মারাত্মক কিছু ঘটেনি। বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গেই যাত্রীরা বিমান থেকে নেমে গেলে অগ্নিনির্বাপণ কর্মীরা পানি ও ফোম ছিটিয়ে বিমানটিকে ঢেকে ফেলে। বিমানের এক যাত্রী জানান, তিনি ভেবেছিলেন বিমানটি সজোরে মাটিতে আছড়ে পড়বে, কিন্তু পরমূহুর্তেই তিনি অনুভব করেন বিমানটি মাটি ছুয়েছে এবং তারা নিরাপদে অবতরণ করেছেন। অবতরণের আগে বিমানটি ওয়ারশ'র আকাশে প্রায় এক ঘন্টা চক্কর দেয়। বিমানটির পাখা ও ল্যান্ডিং গিয়ারের হাইড্রলিক পদ্ধতিতে সমস্যা হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বিকল্প ব্যবস্থায় পাখার হাইড্রলিক পদ্ধতি কাজ করলেও ল্যান্ডিং গিয়ারের (চাকার) হাইড্রলিক পদ্ধতি আর কাজ করেনি। পোল্যান্ডের প্রেসিডেন্ট ব্রোনিস্ল কোমোরোওস্কি বিমানটির ক্রুুদের টেলিফোন করে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাদের পুর®কৃত করার ঘোষণা দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮০০ঘ.