ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)Ñ ব্রাসেলস বৈঠকে চুক্তিতে উপনীত হওয়ার মধ্য দিয়ে ইউরোজোন সঙ্কট নিরসনের দ্বারপ্রান্তে পৌঁছেছে ইউরোপ। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল ব্যারোসো একথা বলেছেন।
স্ট্রাসবার্গের ইউরোপীয় পার্লামেন্টের ভাষণে ব্যারোসো বলেন, সবচেয়ে সঙ্কটময় মুহূর্তের যে ইইউ এক হতে পারে এ চুক্তিই তা প্রমাণ করেছে।
ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৃহস্পতিবার ইউরোজোনের দেশগুলোর ঋণ সঙ্কট সমাধানে ত্রিমুখী চুক্তিতে পৌঁছেছেন।
ইউরোজোনে দুই বছর ধরে চলা অর্থনৈতিক সংকট মোকাবেলায় এ চুক্তি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের সূচনা করবে বলেই মনে করা হচ্ছে।
ইউরোপীয় নেতারা জানান, এথেন্সের ঋণের বোঝা ১শ বিলিয়ন ইউরো কমানো এবং সঙ্কট সামাল দেওয়ার পরিকল্পনার আওতায় গ্রিসের সরকারি বন্ডের ওপর ৫০ শতাংশ লোকসান মেনে নেওয়ার জন্য বিভিন্ন ব্যাংক ও ইন্সুরেন্স কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি হয়েছে।
এছাড়া, ইউরোজোনের জন্য বেইলআউট তহবিল বাড়ানো এবং ব্যাংকগুলোতে মূলধন বাড়ানোর পদক্ষেপের ব্যাপারেও একমত হয়েছেন নেতারা।
ইউরোজোনে ইতালির মতো বড় অর্থনীতির দেশগুলোতে বাড়তে থাকা ঋণ সংকট ঠেকানোই এর লক্ষ্য। কিন্তু এখনো অনেক কাজ বাকী আছে বলে নেতারা জানিয়েছেন।
ব্রাসেলসে ম্যারাথন আলোচনার পর নেতারা ইউরোজোনের মূল বেইলআউট তহবিল ১ ট্রিলিয়ন ইউরো পর্যন্ত বাড়ানোর ব্যবস্থা করার ব্যাপারে একমত হয়েছেন।
কিন্তু নতুন এ ইইউ চুক্তিকে সন্দেহের দৃষ্টিতেই দেখছে গ্রিকরা।
গ্রিসে উচ্চ বেতন পরিহার, জনসেবা মূলক ব্যয় কমানো ও কর বাড়ানোর মতো কয়েকদফা কঠোর ব্যয়সঙ্কোচানের পর নতুন এ চুক্তি হলো।
এ সম্পর্কে এক গ্রিকের উক্তি, "আমাকে রক্ষা করা হয়েছে বলে মনে হচ্ছে না।" বেতন কমানো ও কর কর্তনের পর নিত্য প্রয়োজন মেটানো এবং বন্ধকের টাকা দিতে রীতিমতো লড়াই করতে হয় বলে জানান তিনি।
তিনি আরো বলেন, "ব্যাংক আমাদের জন্য দিচ্ছে না। এতো বছর ধরে তারা আমাদের কাছ থেকে যে মুনাফা করেছে শুধু তার একটি অংশই ফেরত দিচ্ছে।"
গ্রিক প্রধানমন্ত্রী পাপা›দ্রু বলছেন, এ চুক্তির মানে হচ্ছে গ্রিসের ঋণের বোঝা এখন একইরকম রয়ে যাবে। ওদিকে, ফরাসি অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া বারোইনের মতে, এ চুক্তির ফলে ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো বেঁচে গেলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৩৩ঘ.
bdnews24