ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাড়া জাগানো চলচ্চিত্র 'স্ল্যামডগ মিলিয়নিয়ার'র গল্পই যেন এবার সত্যি হয়ে গেল। ভারতের দরিদ্রতম রাজ্যগুলোর অন্যতম বিহারের এক নাগরিক জিতে নিলেন ১০ লাখ ডলার (৫ কোটি ভারতীয় রুপি)।
সুশীল কুমার (২৭) নামের এ ব্যক্তি ভারতের জনপ্রিয় অনুষ্ঠান 'কৌন বনেগা ক্রোড়পতি' (কে হতে চায় কোটিপতি) অনুষ্ঠানে অংশ নিয়ে এ পুরস্কার জেতেন বলে বিবিসি জানায়।
তিনিই প্রথমবারের মতো 'কৌন বনেগা ক্রোড়পতি' অনুষ্ঠানের সর্বোচ্চ এই পুরস্কারটি জিতে নিলেন।
সুশীল কুমার পেশায় একজন কম্পিউটার অপারেটর ও শিক্ষক। পুরস্কার জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, "আমি স্বপ্নেও ভাবিনি যে এটা করতে পারব।"
তার ভাই সুধীর কুমার জানান, এ অনুষ্ঠানের জন্য যথাযথ প্রস্তুতি সে নিয়েছিল।
মাত্র পাঁচমাস আগে বিয়ে করেছেন সুশীল।
মাসে ১৫০ ডলারেরও (প্রায় সাড়ে সাত হাজার রুপি) কম অর্থ উপার্জনকারী সুশীল জানান, পুরস্কারের অর্থ দিয়ে তিনি ঋণ শোধ করবেন এবং পরিবারের জন্য নতুন একটি বাড়ি কিনবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪২৬ ঘ.
bdnews24