লন্ডন, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অর্থনৈতিক সংকট কটিয়ে উঠতে না পারলে 'উইকিলিকস' বন্ধ হয়ে যেতে পারে বলে সোমবার জানিয়েছেন ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।
যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ভিসা ও মাস্টার কার্ডের মত প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিক 'অবরোধ' তুলে না নিলে এ পরিস্থিতির মুখে পড়তে হবে বলে জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের হাজার হাজার গোপন নথি প্রকাশ করে হৈচৈ ফেলে দিয়েছিলো উইকিলিকস। অর্থনৈতিক সঙ্কটের কারণে এখন গোপন নথি প্রকাশ বন্ধ করে দেওয়া হচ্ছে বলে ইতোমধ্যেই জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সংবাদ সম্মেলনে অ্যাসাঞ্জ বলেছেন, উইকিলিকস প্রকাশনা কার্যক্রম বন্ধ করে ভবিষ্যতে টিকে থাকার জন্য তহবিল বাড়ানোর দিকে মনযোগ দেবে।
উইকিলিকস স্পর্শকাতর পররাষ্ট্রবিষয়ক ইস্যু প্রকাশ করায় যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠানটির সমালোচনা করার পর গত বছর ডিসেম্বর থেকে ভিসা ও মাস্টার কার্ড ব্যবহার করে উইকিলিকসকে আগে যে অনুদান দেওয়া যেত তা বন্ধ করে দেওয়া হয়।
অ্যাসাঞ্জ বলেন, "উইকিলিকস এ অবরোধ তুলে নেওয়ার কোন পথ খুঁজে না পেলে এখন আমাদের যা ব্যয় হচ্ছে তাতে বছর শেষে প্রতিষ্ঠানটি চালানো আর সম্ভব হবে না।"
তিনি আরো বলেন, ব্যাংক অব আমেরিকান কর্পোরেশন, ভিসা ইনকর্পোরেশন, মাস্টার কার্ড ইনকর্পোরেশন, ইবে ইনকর্পোরেশন ইউনিট পেপল ও ওয়েস্টার্ন ইউনিয়ন কোম্পানি উইকিলিকসের শতকরা ৯৫ ভাগ আয় বন্ধ করে দিয়েছে।
তিনি বলেন, বর্তমান ধারায় কার্যক্রম অব্যাহত রাখতে হলে আগামী ১২ মাসে উইকিলিকসের ৩৫ লাখ ডলার প্রয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৭ ঘ.
bdnews24