ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের সাবেক ফার্স্ট লেডি নুসরাত ভুট্টো আর নেই। দীর্ঘদিন অসুস্থতায় ভুগে ৮২ বছর বয়সে রোববার দুবাইয়ে তিনি মারা যান।
তিনি পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর স্ত্রী এবং অপর সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মা।
পিপিপির একজন মুখপাত্রের বরাত দিয়েছে বিবিসি জানিয়েছে, নুসরাত ভুট্টোকে সিন্ধ প্রদেশে পারিবারিক গোরস্তানে সমাহিত করা হবে।
নুসরাত ভুট্টো নিজে পাকিস্তানি পার্লামেন্টে দুই বার আইন প্রণেতা নির্বাচিত হয়েছিলেন। জুলফিকার আলি ভুট্টোকে ফাঁসি দেওয়ার পর দেশটির বৃহত্তম রাজনৈতিকদল পিপলস পার্টির (পিপিপি) হাল ধরেছিলেন তিনি। গত শতকের মধ্য আশির দশকে মেয়ে বেনজির ভুট্টো দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তিনিই দলটিল নেতৃত্ব দিয়েছেন।
নুসরাতের স্বামী জুলফিকার আলি ভুট্টো ছিলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রতিষ্ঠাতা। বর্তমানে ওই দলটিই পাকিস্তানে রাষ্ট্র ক্ষমতায় রয়েছে।
১৯৭০'র দশকে জুলফিকার আলি ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৯ সালে সেনা শাসক জেনারেল জিয়া-উল-হকের শাসনামলে জুলফিকার আলি ভুট্টোকে ফাঁসি দেওয়া হয়।
জুলফিকার ও নুসরাতের মেয়ে বেনজির ভুট্টো পরবর্তী সময়ে পিপিপি'র প্রধান নির্বাচিত হন। তিনি পাকিস্তানে দুই বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বেনজির ২০০৭ সালে আততায়ীর গুলিতে মারা যান। বেনজিরের স্বামী আসিফ আলি জারদারি বর্তমানে পাকিস্তানের প্রেসিডেন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩৫ ঘ.
bdnews24