২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মাথায় গুলিতে মৃত্যু হয় গাদ্দাফির'

মাথায় গুলির আঘাতেই মুয়াম্মার গাদ্দাফির মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্ত শেষে চিকিৎসকরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 01:13 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাথায় গুলির আঘাতেই মুয়াম্মার গাদ্দাফির মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্ত শেষে চিকিৎসকরা জানিয়েছেন। ময়নাতদন্তে অংশ নেওয়া চিকিৎসক ওথম্যান এল-জেনতানি রোববার সিএনএনকে একথা বললেও এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি। গাদ্দাফি ক্রসফায়ারে গুলিবিদ্ধ হয়েছিলেন, নাকি তাকে কাছ থেকে গুলি করা হয়েছিলো সে সম্পর্কে তিনি কিছু জানান নি। জেনতানি বলেন, প্রতিবেদনটি প্রকাশের আগে তা অ্যাটর্নি জেনারেলের দপ্তরে জমা দেওয়া হবে। শনিবার রাতে মিসরাতা হাসপাতালে এ ময়নাতদন্তের সময় লিবিয়ার সরকারি আইন কর্মকর্তারা উপস্থিত থাকলেও বিদেশি বা নিরপেক্ষ কোনো সংস্থার কর্মকর্তা উপস্থিত ছিলেন না বলে জানান তিনি। গাদ্দাফির ছেলে মুতাসসিম ও তার সরকারের প্রতিরক্ষামন্ত্রী আবু বকর ইউনিসের লাশেরও ময়নাতদন্ত হয়েছে। জেনতানি বলেন, তিনটি মৃতদেহই সাধারণ মানুষের দর্শনের জন্য মিসরাতার একটি মাংসের বাজারের হিমঘরে ফিরিয়ে নেওয়া হবে। গত কয়েকদিন মৃতদেহগুলো এক নজর দেখতে ভিড় করে শত শত মানুষ। গত ২০ অক্টোবর লিবিয়ার ক্ষমতাসীন জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদের (ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল-এনটিসি) কর্মকর্তারা বলেন, গাদ্দাফির জন্মশহর সির্তে থেকে তাকে ধরা হয়েছে। গাদ্দাফিকে ধরার খবর জানানোর কিছুক্ষণের মধ্যেই এনটিসি কর্মকর্তারা বলেন, তিনি নিহত হয়েছেন। জীবিত ধরা পড়ার কিছুক্ষণের মধ্যেই গাদ্দাফির মারা যাওয়ার খবরে তার মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে। তার মৃত্যুর ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। 'ক্রসফায়ারে' গাদ্দাফির মৃত্যু হয়েছে বলে লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিল দাবি করলেও এক এনটিসি কর্মকর্তাই এ বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ওয়াহিদ বুরশান নামের ওই এনটিসি কর্মকর্তা শনিবার আল-জাজিরাকে বলেন, জীবিত অবস্থায় গাদ্দাফিকে ধরা হয়। এর অল্প কিছুক্ষণের মধ্যে কিভাবে তার মৃত্যু হলো তার তদন্ত হওয়া উচিত। "আমরা দেখেছি, তিনি জীবিত ছিলেন এবং তারপর মারা যান। আমরা যতোদূর বলতে পারি, তখন কোনো যুদ্ধ হয়নি।" "তাকে মিসরাতায় নেওয়ার সময় কি যুদ্ধ হয়েছিলো? আমরা জানি না", বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১০৮ঘ.