২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'যুক্তরাষ্ট্রের অধিকাংশ রাজ্যে দারিদ্র্যের হার বেড়েছে'

২০১০ সালে যুক্তরাষ্ট্রের প্রায় সব অঙ্গরাজ্যে ও শহরে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 08:56 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ওয়াশিংটন, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১০ সালে যুক্তরাষ্ট্রের প্রায় সব অঙ্গরাজ্যে ও শহরে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে। দীর্ঘ সময়ের অর্থনৈতিক মন্দার অবসান হলেও দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে বলে যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার প্রকাশিত এক জরিপে বলা হয়েছে। এতে দেখা যায়, মিসিসিপি ও নিউ মেক্সিকোতে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি। এ দুটি এলাকায় প্রতি পাঁচজনে একজনেরও বেশি ব্যক্তি দরিদ্র। মিসিসিপি ও নিউ মেক্সিকোতে দারিদ্র্যের হার যথাক্রমে ২২.৪ ও ২০.৪ শতাংশ। আর নিউ হ্যাম্পশায়ারে দারিদ্র্যের হার সবচেয়ে কম, ৮.৩ শতাংশ। একমাত্র এখানেই দারিদ্র্যের হার ১০ শতাংশের কম। জরিপে দেখা যায়, ২০০৯ সালে মাত্র পাঁচটি অঙ্গরাজ্যে দারিদ্র্যের হার ১৭ শতাংশ থাকলেও এখন তা বেড়ে ১২টি রাজ্য পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ১০টি মেট্রোপলিটন এলাকায় এ হার বেড়ে ১৮ শতাংশে দাঁড়িয়েছে। দেশটির ৩৬৬ মেট্রোপলিটন এলাকার ওপরও জরিপটি চালানো হয়। এসব এলাকায় দেশটির ৮০ শতাংশেরও বেশি মানুষ বাস করে। ব্র"কিঙ্গস ইনস্টিটিউটের মেট্রোপলিটন ইস্যু বিষয়ক ঊর্ধ্বতন গবেষণা সহযোগী এলিজাবেথ নিবোন বলেন, "মন্দা আক্রান্ত হওয়া ও বেকারত্ব হার বাড়তে দেখেছি। তবে বেকারত্বের হার নাটকীয়ভাবে কমতে দেখিনি। এর কারণ হলো, আমরা এখনও এটি কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছি।" ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া মন্দায় অল্প কয়েকটি এলাকা ছাড়া প্রায় পুরো দেশেই বেকারত্ব বাড়তে থাকে। আর সরকারিভাবে ২০০৯ সালে মন্দা কেটে যাওয়ার এক বছর পরও দেশটিতে বেকারত্বের হার ৯ শতাংশের বেশি রয়েছে। ২০০৯ সালে দারিদ্রের হার ১৪.৩ শতাংশ থাকলেও ২০১০ সালে তা বেড়ে ১৫.৩ শতাংশে দাঁড়িয়েছে। জরিপে দেখা যায়, ২০০৯ ও ২০১০ সালের মাঝামাঝিতে কোনো রাজ্যেই তেমন জোড়ালোভাবে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা বা দারিদ্র্যের হার কমেনি। ২০১০ সালে দারিদ্র্যের হার বেড়ে যায়। এসময় ৬.৮ শতাংশ মানুষের আয় এমন ছিলো যা কেন্দ্রীয় সরকারের সরকারি দারিদ্র্যসীমার অর্ধেকের বেশি নয়। অথচ ২০০৯ সালে এ হার ছিলো ৬.৩ শতাংশ। সাম্প্রতিক বছরগুলোতে ফুড স্ট্যাম্প সংগ্রহকারী ও দরিদ্রদের জন্য সরকারের স্বাস্থ্য কর্মসূচি সহায়তা গ্রহণকারী মানুষের সংখ্যাও বেড়েছে। জরিপে দেখা যায়, ২০০৯ সালের তুলনায় ২০১০ সালে আরো বেশি সংখ্যক মানুষ অন্য ধরনের সরকারি সহায়তা সংগ্রহ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/বিআর/১৪২৩ ঘ.