২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা পরিষদে যেতে পাকিস্তানকে চীনের সমর্থন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হওয়ার বিষয়ে পাকিস্তানের আগ্রহকে সমর্থন জানিয়েছে পরিষদের স্থায়ী সদস্য চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 08:26 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হওয়ার বিষয়ে পাকিস্তানের আগ্রহকে সমর্থন জানিয়েছে পরিষদের স্থায়ী সদস্য চীন। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানায়, পাকিস্তানের এ আগ্রহের বিষয়টি চীনের রাষ্ট্রদূতের সহকারীরা গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং ইউ জানিয়েছেন। নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে জিয়াং জানান, পাকিস্তান আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সব সময়ের এ কৌশলগত অংশীদারকে সমর্থন জানাচ্ছে চীন। চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনের সময় নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করে পাকিস্তান। ওদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার প্রক্রিয়া বিষয়ে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার জানান, পরিষদের সংস্কার প্রক্রিয়া এমন হতে হবে যেন বিশ্বের মানুষ এর ওপর আস্থা রাখতে বাধ্য হয় এবং সংস্থার বিশ্বাসযোগ্যতা ও কার্যকারিতা বাড়ে। নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র ছাড়াও প্রতি দুই বছরের জন্য আরো ১০টি দেশকে অস্থায়ী সদস্য নির্বাচন করা হয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪১২ ঘ.