২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান বুকার পেলেন জুলিয়ান বারনেস

সাহিত্যের অন্যতম সম্মানজনক পুরস্কার ম্যান বুকার পেলেন ইংল্যান্ডের লেখক জুলিয়ান বারনেস। এরআগে তিনি তিনবার বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 03:05 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

লন্ডন, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাহিত্যের অন্যতম সম্মানজনক পুরস্কার ম্যান বুকার পেলেন ইংল্যান্ডের লেখক জুলিয়ান বারনেস। এরআগে তিনি তিনবার বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন। চলতি বছরের এই পুরস্কার বিজয়ীর নাম মঙ্গলবার ঘোষণা করা হয়। ৬৫ বছর বয়সী ফিকশন লেখক জুলিয়ান বারনেস তার 'দ্য সেন্স অব এন এন্ডিং' উপন্যাসের জন্য ৫০ হাজার পাউন্ড অর্থমূল্যের এই পুরস্কার জয় করেন। তবে মাত্র ১৫০ পৃষ্ঠার 'দ্য সেন্স অব এন এন্ডিং' কে কেউ কেউ উপন্যাস হিসেবে না দেখে তার চেয়ে স্বল্পায়তনের উপন্যাসিকা (নভেলা) বলেই বিবেচনা করছেন। বারনেস ১৯৮৪ সালে তার 'ফ্লেউব্রেটস প্যারোট' ফিকশনের জন্য প্রথম বুকারের সংক্ষিপ্ত তালিকায় উঠে আসেন। এরপর ১৯৯৮ সালে 'ইংল্যান্ড, ইংল্যান্ড' এবং ২০০৫ সালে 'আর্থার অ্যান্ড জর্জ' ফিকশনের জন্যও তিনি বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই পেলেও পুরস্কারটি তার অধরাই থেকে যায়। এ বছরের বুকার পুরস্কারের বিচারক প্যানেলের চেয়ারম্যান ছিলেন ইংল্যান্ডের সাবেক গোয়েন্দা প্রধান স্টেলা রিমিংটন। 'দ্য সেন্স অব এন এন্ডিং' ফিকশনটিকে পুরস্কারের জন্য মনোনীত করার কারণ হিসেবে তিনি বলেন, "এটি সেই বিরল কতিপয় বইগুলোর একটি যা অবধারিতভাবেই পাঠযোগ্য। যদিও আমি 'পাঠযোগ্য' শব্দটি ব্যবহার করেছি কিন্তু তা শুধুমাত্র একবার পাঠেই ফুরিয়ে যাবার মতো নয়। দুই অথবা ততোধিকবার (পাঠক ) বইটি পড়তে বাধ্য হবে।" বুকার পুরস্কারের প্রশাসক আয়োন ট্রিউইন বলেন, বুকার পুরস্কারজয়ী হিসেবে এটিই সবচেয়ে ক্ষুদ্র আয়তনের বই নয়। ১৯৭৯ সালে পেনেলোপ ফিট্জারাল্ডের বুকারজয়ী 'অফসোর' গ্রন্থটি মাত্র ১৩২ পৃষ্ঠার ছিল। জুলিয়ান বারনেসের পুরো নাম জুলিয়ান প্যাট্রিক বারনেস। তিনি ১৯৪৬ সালের ১৯ জানুয়ারি ইংল্যান্ডের লেইচেস্টারে জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে তার প্রথম ফিকশন 'মেট্রোল্যান্ড' প্রকাশিত হয়। গত বছর ইংল্যান্ডেরই অপর এক লেখক হাওয়ার্ড জ্যাকবসন তার 'দ্য ফিঙ্কলার কোয়েশ্চেন' ফিকশনের জন্য ম্যান বুকার পুরস্কার পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৮৫৯ ঘ.