২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার হমসে ট্যাংক বাহিনীর হামলায় নিহত ২৫

সিরিয়ায় সরকারি ট্যাংক বাহিনীর হামলায় অন্ততপক্ষে ২৫ আন্দোলনকারী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 08:36 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

আম্মান, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় সরকারি ট্যাংক বাহিনীর হামলায় অন্ততপক্ষে ২৫ আন্দোলনকারী নিহত হয়েছে। সোমবার এ ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। ট্যাংক সেনারা হমস শহরে সরকারবিরোধী সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের ওপর হামলা চালালে নিহতের এই ঘটনা ঘটে। নিহত আন্দোলনকারীরা প্রেসিডেন্ট আসাদের শাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছিলো বলে জানা গেছে। হমসের সুন্নি অধ্যুষিত বাব সবা, বাব দ্রিব ও বাব আমরো এলাকায় হামলার ঘটনাগুলো ঘটে। সরকার অনুগত সেনারা ট্যাংক থেকে গোলাবর্ষণ করে ও মেশিনগানের এলোপাতাড়ি গুলিতে ওই তিনটি এলাকা তছনছ করে ফেলে। গত কয়েকদিন ধরে এলাকাগুলোতে প্রেসিডেন্ট আসাদবিরোধী তীব্র বিক্ষোভ হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা জানান, হামলার সময় সরকারি বাহিনী অসংগঠিত প্রতিরোধের সম্মুখীন হয়। এসময় সেনাবাহিনীর পক্ষ ত্যাগকারী সেনারা স্থানীয় বাসিন্দাদের তাদের এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করেন। তারা কয়েকটি ট্যাংকে রকেট চালিত গ্রেনেড হামলা চালাতেও সক্ষম হয়। হমসের এক বাসিন্দা টেলিফোনের মাধ্যমে জানান, "বাব সবার অধিকাংশ লোক এলাকা ছেড়ে পালিয়ে গেছে। সরকারি সেনারা ট্যাংক ও সড়ক প্রতিবন্ধক থেকে এলাকাটিতে প্রচন্ড গোলাবর্ষণ করছে। প্রতিরোধকারীদের দিক থেকেও থেমে থেমে অল্প গুলিবর্ষণের মাধ্যমে জবাব দেওয়া হচ্ছে।" প্রেসিডেন্ট আসাদের স্ত্রী আসমার বাড়ি হমস শহরে। এটি সিরিয়ার সবচেয়ে উর্বর অঞ্চল। শহরের সুন্নি এলাকায় শিয়া প্রেসিডেন্ট আসাদ অনুগত রক্ষীসেনা মোতায়েন করার পরই সোমবার ওই সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন। এদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে দাবি করা হয়েছে, হমসের বাব সবায় অভিযান চালিয়ে সরকারি সেনারা 'অন্যতম প্রধান সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে এবং রকেট চালিত গ্রেনেড ও গানপাউডারসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে।' জাতিসংঘের হিসাবমতে গত মার্চে সিরিয়ায় আসাদ বিরোধী আন্দোলন দমনে পরিচালিত অভিযানে এ পর্যন্ত ১৮৭ শিশুসহ প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২৫ ঘ.