ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কট্টরপন্থী ওয়াহাবি মুসলিমদের প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে ভারতের সুন্নি মুসলিমদের একটি সংগঠন। ওয়াহাবিপন্থী রাষ্ট্র সৌদি আরবের প্রভাব কমিয়ে আনার জন্যও আহ্বান জানায় ওই সংগঠনটি।
উত্তর প্রদেশের মোরাদাবাদে এক মহাপঞ্চায়েতে ভারতের অল ইন্ডিয়া উলামা অ্যান্ড মাসায়েখ বোর্ড (এআইইউএমবি) এ আহ্বান জানায় বলে মঙ্গলবার দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়।
নিজেদের অধিকাংশ ভারতীয় মুসলিমদের সমর্থনপুষ্ট বলে দাবি করে থাকে এআইইউএমবি। সুফি মতাদর্শ অনুসারী এ সংগঠনটি সহনশীলতা ও শান্তির পক্ষে প্রচারণা চালিয়ে থাকে।
গত রোববার সমাবেশটিতে এআইইউএমবি'র সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ কাচ্ছাবি বলেন, প্রায় ১০০ বছর আগে ভারতের সুন্নি মুসলিমরা ওয়াহাবিদের প্রত্যাখ্যান করেছিল। তবে স্বাধীনতার পরে রাজনৈতিক মদদ নিয়ে ওয়াহাবিরা তাদের প্রভাব বিস্তার করে।
তিনি বলেন, আমরা যখন রাজনীতি থেকে দূরে ছিলাম, সেসময় ওয়াহাবিরা সংখ্যালঘিষ্ট ইস্যুগুলো নিয়ে কাজ করে ওয়াক্ফ বোর্ড ও মুসলিম পারসোনাল ল বোর্ডের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
সংগঠনটির মুখপাত্র সৈয়দ বাবর আশরাফ বলেন, দেওবন্দ, জামিয়াত উলামা-এ-হিন্দ এবং আহল-এ-হাদিসের মতো ওয়াহাবি সংগঠনগুলো মধ্যপ্রাচ্যের 'পেট্রোডলারে'র মদদে ভারতে 'বিদেশি নীতি' আমদানি করছে।
তিনি বলেন, ভারতের ৮০ শতাংশ মুসলিম সুন্নি সুফি রীতিনীতি পালন করে, কিন্তু ওয়াহাবি মুসলিমদের সংখ্যা মাত্র ১৩ থেকে ১৪ শতাংশ। কিন্তু বেশিরভাগ উর্দুভাষী পত্রিকা আমাদের প্রত্যাখান করেছে।
ওয়াহাবি সংগঠনগুলো মুসলিমদের হতাশা বাড়িয়ে দিচ্ছে এবং মৌলবাদকে উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেন এআইইউএমবি নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩৩৭ ঘ.
bdnews24