মোগাদিসু, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালিয়ার আল শাবাব জঙ্গিদের খোঁজে দেশটিতে সেনা পাঠিয়েছে কেনিয়া। সীমান্ত এলাকায় কয়েকজন পশ্চিমা নাগরিক অপহরণের ঘটনায় জড়িত এই জঙ্গিদের হন্যে হয়ে খুঁজছে কেনিয়া ও সোমালিয়া বাহিনী।
কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় সোমালিয়ায় সেনা পাঠানোর কথা জানিয়েছে। ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত কেনিয়ার সেনারা সাঁজোয়া যান নিয়ে কোকানি গ্রামে পৌঁছেছে বলে জানিয়েছে এক গ্রামবাসী।
কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোসেস মাসিকা ওয়েতাঙ্গুলা বিবিসি'কে বলেছেন, সীমান্তের এপারে ওপারে অপহরণ ঘটনার রাশ টেনে ধরতে কেনিয়া এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। আল শাবাব জঙ্গিরা অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে কেনিয়া নিজেদের সুরক্ষা ব্যবস্থা নিয়েছে।
কিন্তু জাতিসংঘে সোমালিয়ার এক কূটনীতিক বলছেন, এ খবর সত্য হলে তা সার্বভৌমত্ব লঙ্ঘণের পর্যায়ে পড়বে।
কেনিয়ায় স¤প্রতি কয়েকজন পশ্চিমা নাগরিককে অপহরণ করেছে সন্দেহভাজন সোমালি জঙ্গিরা। তাদেরকে অপহরণ করে সোমালিয়ায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
কেনিয়ার দাদাব শরণার্থী শিবির থেকে গত বৃহস্পতিবার অপহৃত হয় দুই স্প্যানিশ ত্রাণকর্মী। এর আগে গত মাসে কেনিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে অপহৃত হয় এতজন ব্রিটিশ এবং একজন ফরাসি নারী।
সোমালিয়ার আল শাবাব জঙ্গিরা এ অপহরণের ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
কিন্তু রোববার জঙ্গিদের সন্ধানে কেনিয়ার সাঁজোয়া যান ও ট্যাংক বহর সোমালিয়ায় ঢুকেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
কেনিয়া জানিয়েছে, তারা সোমালিয়া সরকারের অনুরোধেই সেখানে এ অভিযানে গেছে। তবে সোমালিয়া সরকার এখনো দেশের মাটিতে কেনিয়ার সেনা উপস্থিতির খবর নিশ্চিত করেনি।
সোমালি কর্নেল জানওয়াসি মাহদি রয়টার্সকে বলেন, তার সেনারা আফমাদো শহরের আল শাবাব ঘাঁটির দিকে অগ্রসর হচ্ছে। রোববার সেখানে বিমান হামলা হয়েছে। সোমালিয়ার এক সামরিক কমান্ডার বলেছেন, বিদ্রোহীরা পরে ওই এলাকা ছেড়ে পালিয়ে যায়।
মাহদি বলেন, তারা প্রথমে আফমাদোর দিকে অগ্রসর হয়ে পরে কুলবিও এবং বাদহাদে এলাকার দিকে এগুবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৪২ ঘ.
bdnews24