ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীপক্ষের সাথে আলোচনায় বসার জন্য সিরীয় সরকারকে ১৫ দিনের সময় বেধে দিয়েছে আরব লিগ।
কায়রোয় অনুষ্ঠিত আরব লিগের এক জরুরি বৈঠক থেকে এ আহ্বান জানানো হয় বলে বিবিসি জানায়।
বৈঠকে আরব দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীরা সংগঠন থেকে সিরিয়ার সদস্যপদ বাতিল না করার সিদ্ধান্ত নিয়েছে।
বৈঠক শেষে কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ আল-তানি জানান, ১৫ দিনের মধ্যে আরব লিগের তত্ত্বাবধানে জাতীয় সংলাপে বসার জন্য আরব লিগ সিরিয়ার সরকার ও বিরোধীদের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নিয়েছে।
জরুরি বৈঠকের আগে সিরিয়ার কূটনীতিকদের সঙ্গে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন।
বেশ কয়েকজন প্রতিনিধি আরব লিগ থেকে সিরিয়ার সদস্যপদ বাতিলের আহ্বান জানিয়েছে। তবে এর জন্য সংগঠনটির দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন।
সৌদি আরব ও অন্যান্য অনেক দেশ ইতোমধ্যেই সিরিয়া থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে।
সিরিয়ার বিভিন্ন এলাকায় এখনও তুমুল লড়াই চলছে।
চলতি বছরের মার্চে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল- আসাদ বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর সরকারি দমনাভিযানে ও সংঘর্ষে অন্ততপক্ষে ৩ হাজার মানুষ মারা গেছে, যার অধিকাংশই নিরস্ত্র আন্দোলনকারী।
দমনাভিযানের বিষয়ে সিরিয়াকে আন্তর্জাতিক সমালোচনার মুখেও পড়তে হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৪২ ঘ.
bdnews24