ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যমান বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে সূচিত বিক্ষোভ শনিবার ছড়িয়ে পড়ে দুনিয়াজুড়ে।
বিক্ষোভকারীরা বলছে, ৮২টি দেশের ৯৫১টি শহরে এদিন বিক্ষোভ হওয়ার কথা।
বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাকে মুনাফালোভী আখ্যায়িত করে সরকারি ব্যয় সংকোচনের প্রতিবাদ করছে তারা। ব্যাংক, বীমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত 'কর্তৃত্ব' খর্ব করে অর্থনৈতিক সংস্কার চাইছে তারা।
আন্দোলন অহিংস রাখার প্রতিশ্র"তি দিলেও শনিবার ইতালির রাজধানী রোমে একটি ব্যাংকে হামলা হয়েছে।পুড়িয়ে দেয়া হয়েছে বেশ কয়েকটি গাড়ি।
নিউ ইয়র্কের 'অকুপাই ওয়াল স্ট্রিট' আন্দোলনের পর একই রকমের বিক্ষোভে জড়ো হচ্ছে এশিয়া থেকে ইউরোপের বিভিন্ন শহরের হাজার হাজার মানুষ।
যুক্তরাষ্ট্রে ধনীদের ওপর আরো কর আরোপ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর জবাবদিহিতা বাড়ানোসহ অর্থনৈতিক সংস্কারের কয়েকটি দাবিতে গত ১৭ সেপ্টেম্বর থেকে 'অকুপাই ওয়াল স্ট্রিট' নামে আন্দোলন করছে তরুন-তরুনীরা।
শিক্ষার্থী ও সদ্য শিক্ষাজীবন শেষ করেছেন, এমন বেকার যুবকেরা আন্দোলনের সূচনা করেন। তখন থেকেই লোয়ার ম্যানহাটনের জুকোট্টি পার্কে তাবু টাঙিয়ে অবস্থান নেয় তারা।
গত সপ্তাহের শুরুর দিকে বেশ কয়েকটি পেশাজীবীদের ইউনিয়নও এ আন্দোলনের প্রতি সমর্থন জানায়। এমনকি প্রেসিডেন্ট বারাক ওবামাও আন্দোলনকারীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
ফেসবুক, টুইটারসহ ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের মাধ্যমে শনিবার বিশ্বব্যাপী এ বিক্ষোভের ডাক দেওয়া হয়।
ইতোমধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পাশাপাশি এশিয়ার কয়েকটি দেশে আর্থিক প্রতিষ্ঠান ও অর্থ ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ করে মানুষ।
'লোভী ও দুর্নীতি পরায়ণ' ধনিকগোষ্ঠী বিশ্বব্যাপী সাধারণ মানুষকে শোষণ করছে বলে অভিযোগ তাদের।
১৫ অক্টোবর বিশ্বব্যাপী বিক্ষোভের আয়োজকরা তাদের 'ইউনাইটেড ফর গ্লোবাল চেঞ্জ' ওয়েবসাইটে বলেছে, "এখন আমাদের একতাবদ্ধ হওয়ার সময়, এখন তাদের শুনতে হবে। বিশ্বের মানুষ জেগে উঠেছে।"
"আমরা রাজনীতিবীদ ও ব্যাংকারদের হাতে ভালো নেই। তারা আমাদের প্রতিনিধিত্ব করে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ, আলোচনা ও মানুষকে সংগঠিত করবো।"
সিডনিতে প্রায় দুই হাজার মানুষ অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক- রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার বাইরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। আদিবাসী, কমিউনিস্ট ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরাও সেখানে যোগ দেয়।
মেলবোর্নের রাস্তায় সমবেত হয়েছে এক হাজারের মতো বিক্ষোভকারী।
অকুপাই মেলবোর্ন ডট ওআরজি'র মুখপাত্র নিক কারসন রয়টার্সকে বলেন, "আমি মনে করি, মানুষ প্রকৃত গণতন্ত্র চায়।"
"তারা তাদের নেতাদের ওপর কর্পোরেটদের প্রভাব চায় না। তারা রাজনীতিবীদদের জবাবদিহি চায়।"
নিউজিল্যান্ডের অকল্যান্ড, ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চেও বিক্ষোভ হয়। অকল্যান্ডে প্রায় তিন হাজার মানুষ বিক্ষোভ-মিছিলে যোগ দেয়। কর্পোরেট মুনাফার বিরুদ্ধে স্লোগানে মাতিয়ে তুলছে চারদিক।
টোকিওতে বিক্ষোভ করে কয়েকশ' মানুষ।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বিক্ষোভকারীরা 'মার্কিন সাম্রাজ্যবাদের' বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।
'মার্কিন সাম্রাজ্যবাদের পতন হোক', 'ফিলিপাইন বিক্রির জন্য নয়' লেখা ব্যানার নিয়ে তারা ম্যানিলায় মার্কিন দূতাবাস অভিমুখে যাত্রা করে।
তাইওয়ানের রাজধানী তাইপের একশ' এক তলা ভবনের সামনে শতাধিক মানুষ বিক্ষোভ করে।
তারা বলছে, শুধু কোম্পানিগুলোই অর্থনৈতিক প্রবৃদ্ধির সুবিধা ভোগ করছে। অন্যদিকে আবাসন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় বাড়লেও মধ্যবিত্তের আয়ের তেমন পরিবর্তন হচ্ছে না।
তাইওয়ানের এক শীর্ষ ব্যবসায়ীও তাদের সঙ্গে যোগ দিয়েছেন। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কর্পোরেশনের (টিএসএমসি) চেয়ারম্যান মরিস চ্যাং সাংবাদিকদের বলেন, "ধনী ও দরিদ্রের অর্থের ব্যবধানের বিরোধী আমি। গত ২০ থেকে ৩০ বছরে এক শতাংশ মানুষের সম্পদের পরিমাণ দ্রুত বেড়েছে। অকুপাই ওয়াল স্ট্রিট তারই প্রতিবাদ। আমাদের এ বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত।"
ইতালির সর্ববৃহৎ ব্যাংক ইউনিক্রেডিটের সদরদপ্তরে ডিম নিক্ষেপ করেছে বিক্ষোভকারীরা। মিলানে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
মাদ্রিদ, লন্ডন, রোম ও অ্যাথেন্সসহ ইউরোপের অন্যান্য শহরে বিক্ষোভ হবে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জিএনএ/২১০৭ ঘ.
bdnews24