২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াল স্ট্রিট বিক্ষোভকারীদের নতুন আন্দোলনের পরিকল্পনা

ওয়াল স্ট্রিটে অবস্থানকারী বিক্ষোভকারীরা নতুন আন্দোলনের পরিকল্পনা করছে। ম্যানহাটনের জুকোট্টি পার্কে অবস্থানকারী আন্দোলনকারীদের জায়গাটি খালি করতে নোটিশ দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা এই পরিকল্পনা নিচ্ছে বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 08:41 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

নিউ ইয়র্ক, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওয়াল স্ট্রিটে অবস্থানকারী বিক্ষোভকারীরা নতুন আন্দোলনের পরিকল্পনা করছে। ম্যানহাটনের জুকোট্টি পার্কে অবস্থানকারী আন্দোলনকারীদের জায়গাটি খালি করতে নোটিশ দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা এই পরিকল্পনা নিচ্ছে বলে জানা গেছে। ম্যানহাটনের জুকোট্টি পার্কের মালিকানা প্রতিষ্ঠান ব্র"কফিল্ড প্রোপার্টিস। প্রতিষ্ঠানটি বিক্ষোভকারীদের জায়গাটি খালি করে দেওয়ার জন্য নোটিশ দেয়। এ জন্যে তারা প্রয়োজনে আইন প্রয়োগ করবে বলেও ঘোষণা দিয়েছে। ওই নোটিশে পার্কের বেঞ্চে শয়ন এবং ভূমিতে স্লি¬পিং ব্যাগ স্থাপনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে প্রতিষ্ঠানটি। প্রায় চার সপ্তা ধরে শতাধিক আন্দোলনকারী পার্কটিতে অবস্থান করছে। বিক্ষোভ শুরুর আগে থেকেই পার্কটিতে এসব নিয়ম-নীতি থাকলেও বিক্ষোভ শুরুর সময় থেকে তা প্রয়োগ করা হয় নি। পুলিশের প্রহরায় হ্যান্ডবিলের মাধ্যমে ওই নোটিশের বার্তা বিক্ষোভকারীদের হাতে হাতে তুলে দেওয়া হয় বলে বিবিসি জানায়। এদিকে বৃহস্পতিবার বিক্ষোভের সংগঠকেরা একটি ই-মেইল বার্তায় সমর্থকদের উচ্ছেদ ঠেকাতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানায়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন যে, দেশের বিদ্যমান অর্থনৈতিক পদ্ধতিতে ধনীরা আরো সম্পদের মালিক হচ্ছে, আর সেখানে সাধারন আমেরিকান নাগরিকেরা ভোগান্তির শিকার হচ্ছে, বেকারত্বের হার দিন দিন বাড়ছে। কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হচ্ছে না। এ ক্ষেত্রে ওয়াশিংটন তেমন কোনো সহায়তা দিতে পারছে না। এসবের পরিবর্তনের দাবিতে ওয়াল স্ট্রিট আন্দোলন শুরু করে বিক্ষোভকারীরা। তারা দেশের অধিকাংশ মানুষের স্বার্থ রক্ষার প্রয়োজনে ধনীদের ওপর আরো কর আরোপের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কেন্দ্র ওয়ালস্ট্রিটের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো শুধু ধনীদের স্বার্থ রক্ষা করছে, যাদের পরিমাণ দেশের মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ। শিক্ষার্থী ও সদ্য শিক্ষাজীবন শেষ করেছে, এমন বেকার যুবকেরা ১৭ সেপ্টেম্বর 'অকুপাই ওয়াল স্ট্রিট' নামে এ আন্দোলনের সূচনা করে। তখন থেকেই লোয়ার ম্যানহাটনের জুকোট্টি পার্কে তাবু টাঙিয়ে অবস্থান করছে তারা। বিভিন্ন পর্যবেক্ষণ থেকে ধারণা করা হচ্ছে আমেরিকার শীর্ষ ১০ ধনীব্যক্তির অন্যতম জর্জ সরোস এই বিক্ষোভে রসদ যোগাচ্ছেন। তবে এ বিক্ষোভের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করলেও আন্দোলনকারীদের প্রতি তার কণ্ঠে সহানুভূতিই ঝড়ে পড়েছে। ৮১ বছর বয়সী সারোস ফোর্বসের তালিকা অনুযায়ী শীর্ষ ৪০০ ধনীর মধ্যে সারোসের অবস্থা ৭ নম্বরে। তার সম্পদের পরিমাণ ২২ বিলিয়ন মার্কিন ডলার। সারোস ইতোমধ্যে তার সমস্ত সম্পদ দান করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। অর্ধেক সম্পদ তিনি মৃত্যুর আগে দান করবেন আর বাকি সম্পদ তার মৃত্যুর পর দান করবেন বলে জানা গেছে। টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের মাধ্যমে অন্য শহরগুলোতেও সংগঠিত হচ্ছে ওয়ালস্ট্রিট বিরোধীরা। গত সপ্তাহের শুরুর দিকে বেশ কয়েকটি পেশাজীবীদের ইউনিয়নও এ আন্দোলনের প্রতি সমর্থন জানায়। এমন কি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও আন্দোলনকারীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/সিআর/১৪২৮ ঘ.