২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে বন্যায় চাল উৎপাদন ব্যাহত

গত পঞ্চাশ বছরের মধ্যে ভয়াবহ বন্যায় থাইল্যান্ডের চাল উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিশ্বের প্রধান চাল রপ্তানিকারক দেশ থাইল্যান্ডের চাল রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 10:22 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

সিঙ্গাপুর/হ্যানয়, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-গত পঞ্চাশ বছরের মধ্যে ভয়াবহ বন্যায় থাইল্যান্ডের চাল উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিশ্বের প্রধান চাল রপ্তানিকারক দেশ থাইল্যান্ডের চাল রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে বিশ্বব্যাপী চালের দাম আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। চালের মূল্য ক্রমাগত বাড়তে থাকায় এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার আমদানীকারকরা উদ্বিগ্ন। প্রবল বন্যা ও বৃষ্টিতে থাইল্যান্ডের খাদ্যপণ্য পরিবহনেও সমস্যা দেখা দিয়েছে। নদীগুলোতে প্রবল স্রোতের কারণে পণ্যবাহী বার্জ চলাচলে বিঘিœত হচ্ছে। বৃষ্টির কারণে বন্দরে থাকা জাহাজে পণ্য বোঝাই করা যাচ্ছে না। ব্যবসায়ীরা জানান, এসব কারণে ৩ লক্ষ টন চাল রপ্তানির কথা থাকলেও তা যথাসময়ে সরবরাহ করা যাচ্ছে না, ফলে হতাশ ক্রেতারা বিকল্প রপ্তানিকারকের খোঁজে ভারত ও পাকিস্তানের দিকে ঝুঁকছে। ব্যাংককের আন্তর্জাতিক চাল রপ্তানীকারক একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জানান, "টানা বৃষ্টিতে পরিস্থিতি খারাপ হয়ে পড়েছে। বন্যায় অনেক মিলের খোলা জায়গায় ঢেকে রাখা ধান ডুবে গেছে। তাতে অবস্থা আরো খারাপ হয়েছে।" থাই সরকার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৫ লক্ষ টন থেকে কমিয়ে ২১ লক্ষ টন নির্ধারণ করেছে। চলতি মাস থেকেই ধান কাটা শুরু হওয়ার কথা। পরিস্থিতির সুযোগে মূল্য না বাড়াতে ব্যবসায়ীদের সতর্ক করেছেন থাইল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। আগামী কয়েকদিনে মধ্যে রাজধানীতে বন্যার পানি ওঠার আশঙ্কায় সন্ত্রস্ত হয়ে উঠেছে ব্যাংককবাসী। তারা এরই মধ্যে খাদ্যপণ্য কিনে ডিপার্টমেন্টাল স্টোরগুলো খালি করে ফেলেছে। সমুদ্র পৃষ্ঠ থেকে ব্যাংককের উচ্চতা মাত্র সাড়ে ৬ ফুট। গত জুলাই শেষ থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে দেশটির ৭৭টি প্রদেশের মধ্যে ২৬টি বন্যাকবলিত হয়েছে। বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত কমপক্ষে ২৮১ জন মানুষ মারা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬২০ঘ.