২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে আরো বেশি বন্দির মুক্তি চায় জাতিসংঘ

চলতি বছরের মধ্যে মিয়ানমার সরকার আরো বেশি রাজবন্দিকে মুক্তি দিক- এমনটিই চাইছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক মানবাধিকার তদন্তকারী টমাস ওজেয়া কুইনটানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 06:28 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

জেনেভা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চলতি বছরের মধ্যে মিয়ানমার সরকার আরো বেশি রাজবন্দিকে মুক্তি দিক- এমনটিই চাইছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক মানবাধিকার তদন্তকারী টমাস ওজেয়া কুইনটানা। আশা প্রকাশ করে তিনি বলেন, চলতি বছরের মধ্যে মিয়ানমারের সামরিক সরকার নির্বাচন আয়োজন করবে। আর এ সময়ের মধ্যেই তিনি বাকি সব রাজনৈতিক বন্দিকে মুক্ত দেখতে চান। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে টমাস বলেন, "নির্বাচনের আগে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শেষ করা খুব গুরুত্বপূর্ণ। আশা করছি তা হবে। আমি এ বিষয়ে পূর্বাভাস দিতে পারি না। তবে সরকারের কাছে আমার এ দাবি থাকবে।" সরকারের একটি চোখ যদি 'আরব বসন্ত'কে পর্যবেক্ষণ করে তবে এ ধরনের পদক্ষেপ বিষয়ে সরকারের ভাবনা কি হতে পারে, এই প্রশ্নের জবাবে কুইনতানা বলেন, মিয়ানমারের অনেক কর্মকর্তাই তাকে জানিয়েছেন, তারা রাজবন্দিদের মুক্তি দিতে চায় না। কারণ এতে করে গণবিক্ষোভ শুরু হওয়ার আশঙ্কা করছেন তারা। চলতি বছর গণআন্দোলনের মুখে তিউনিসিয়া, মিশর ও লিবিয়ার শাসন ক্ষমতা থেকে একনায়কেরা সরে যেতে বাধ্য হয়। আবর দেশগুলোর এই গণআন্দোলন 'আরব বসন্ত' নামে পরিচিতি পায়। টমাস বলেন, "এ প্রসঙ্গে আমি বলেছি, অং সান সু চির মতো গুরুত্বপূর্ণ এক রাজবন্দিকে মুক্তি দেওয়ার পরিপ্রেক্ষিতে তিনি যে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এবং কীভাবে সারাদেশ সফর করছেন সে উদাহরণ আছে আপনাদের সামনে। আর তাই মুক্তিদান প্রক্রিয়া আপনাদের চালিয়ে যাওয়া উচিত।" প্রায় অর্ধশতাব্দী সময় মিয়ানমারে কঠোর সামরিক শাসন বহাল থাকে। সা¤প্রতিক সময়ে সেই কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এসেছে জান্তা সরকার। গণমাধ্যমের ওপর থেকে নিয়ন্ত্রণ খানিকটা কমিয়ে আনা হয়েছে। পাশাপাশি শান্তিতে নোবেলজয়ী দেশটির গণতন্ত্রপন্থীনেতা অং সান সু চির সাথেও বেশি বেশি রাজনৈতিক আলোচনা চালানোর চেষ্টা করছে সরকার। সু চিকে প্রায় ১৫ বছর গৃহবন্দি করে রাখা হয়। মাত্র গত বছরই তাকে মুক্তি দেওয়া হয়। বুধবার অন্ততপক্ষে কয়েকশ' বন্দিকে মুক্তি দেওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন স্বাগত জানালেও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাতে হতাশ হয়েছে। তারা আরো বেশি সংখ্যক বন্দিকে মুক্তি দেওয়া হবে বলে আশা করেছিলো। বুধবার থেকে মিয়ানমারে রাজনৈতিক বিবেচনায় আটক বন্দিদের সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া শুরু হয়েছে। এই ঘটনাকে দেশটির রাজনৈতিক পরিবর্তনের একটি লক্ষণ বলে ধরা হচ্ছে। এর আগে মঙ্গলবার সরকারের পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক কারণে আটক ৬ হাজারেরও বেশি কারাবন্দিকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হবে। অবশ্য যাদের মুক্তি দেওয়া হবে তাদের কোনো তালিকাও প্রকাশ করা হয় নি। তবে ঠিক কতজনকে রাজনৈতিক বিবেচনায় আটক রাখা হয়েছে সে বিষয়টি পরিষ্কার নয়। মিয়ানমারের ওপর থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে ২ হাজার ১শ' রাজবন্দিকে মুক্তি দেওয়ার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ শর্ত। মাধবাধিকার লঙ্ঘণের অভিযোগে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইইউ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২২৩ ঘ.