২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দিদের মুক্তি দেওয়া শুরু করেছে মিয়ানমার

মিয়ানমার কর্তৃপক্ষ সাধারণ ক্ষমার আওতায় রাজনৈতিক বিবেচনায় আটক বন্দিদের মুক্তি দেওয়া শুরু করেছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ২০০৭ সালে দেশটির জান্তা সরকারবিরোধী পদযাত্রায় নেতৃত্ব দেওয়া বৌদ্ধ ভিক্ষু শিন গাম্বিরাও রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 07:38 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমার কর্তৃপক্ষ সাধারণ ক্ষমার আওতায় রাজনৈতিক বিবেচনায় আটক বন্দিদের মুক্তি দেওয়া শুরু করেছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ২০০৭ সালে দেশটির জান্তা সরকারবিরোধী পদযাত্রায় নেতৃত্ব দেওয়া বৌদ্ধ ভিক্ষু শিন গাম্বিরাও রয়েছেন। বৌদ্ধ ভিক্ষুদের সরকারবিরোধী ওই পদযাত্রা দেশটির সেনাবাহিনী কঠোরহস্তে দমন করে বলে বিবিসি জানায়। বুধবার জনপ্রিয় কৌতূকাভিনেতা জারগানারকে মুক্তি দেওয়ার মধ্যদিয়ে বন্দিদের মুক্তি দেওয়া শুরু হয়। ২০০৮ সালে ঘূর্ণিঝড় নার্গিসের ত্রাণ তৎপরতা নিয়ে জনসমক্ষে সরকারের সমালোচনা করায় তাকে বন্দি করা হয়। ওই ঘূর্ণিঝড়ে দেশটিতে প্রায় ১ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জারগানার বলেন, তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। তিনি বলেন, "আমি যদি ক্ষতিকর কোনোকিছু করি তবে আবারো আমাকে জেলে ঢোকানো হবে।" মঙ্গলবার সরকারের পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক কারণে আটক ৬ হাজারেরও বেশি কারাবন্দিকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হবে। অবশ্য যাদের মুক্তি দেওয়া হবে তাদের কোনো তালিকাও প্রকাশ করা হয় নি। তবে ঠিক কতজনকে রাজনৈতিক বিবেচনায় আটক রাখা হয়েছে সে বিষয়টি পরিষ্কার নয়। এরআগে খোলাচিঠির মাধ্যমে মিয়ানমারের মানবাধিকার কমিশন সরকারের প্রতি রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও জনগণের শান্তির জন্য ঝুঁকিপূর্ণ নয় এ ধরনের বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানায়। সরকার নিয়োগকৃত মানবাধিকার কমিশনের ওই ঘোষণার পরই ধারণা করা হয়েছিল, কর্তৃপক্ষ উল্লেখযোগ্য সংখ্যক বন্দিদের মুক্তি দিতে যাচ্ছে। এরপর মঙ্গলবার প্রায় সাড়ে ছয় হাজার বন্দিকে মুক্তি দেবে বলে ঘোষণা দেয় মিয়ানমার সরকার। মিয়ানমারের ওপর থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে ২ হাজার ১শ' রাজবন্দিকে মুক্তি দেওয়ার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ শর্ত। মাধবাধিকার লঙ্ঘণের অভিযোগে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইইউ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৩৪ ঘ.