নিউজিল্যান্ড, ০৯ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউজিল্যান্ডে দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজ থেকে তেল নিঃসৃত হতে থাকায় মারাত্মক পরিবেশ দূষণের আশঙ্কা করা হচ্ছে।
তেল ছড়িয়ে পড়া ঠেকানো না গেলে ভয়াবহ ক্ষতির মুখে পড়বে সামুদ্রিক জীব-বৈচিত্র্য।
লাইবেরিয়ার পতাকাবাহী এমভি রেনা জাহাজ থেকে নিসৃত তেল ইতোমধ্যেই সমুদ্রপৃষ্ঠের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ছে।
ফলে জাহাজে থাকা বাকি প্রায় ২ হাজার টন তেল সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাহাজটি ঠিক করার চেষ্টাও চলছে।
জাহাজটি ভেঙে গেলে বিস্তীর্ণ এলাকাজুড়ে ১৭০০ টন তেল ছড়িয়ে পড়ে মারাত্মক পরিবেশ দূষণের আশঙ্কা করা হচ্ছে।
গত সপ্তাহে তীর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে একটি শৈল শ্রেণীতে জাহাজটি ধাক্কা খেলে তেল নিঃসরণ শুরু হয়।
বে অব প্লেন্টিতে এ পর্যন্ত প্রায় ২০-৩০ টন তেল নিঃসরিত হয়েছে।
তেল যেন আর ছড়িয়ে পড়তে না পারে এজন্য রোববার একটি বার্জ পাঠানো হয়েছে। এটি জাহাজে থাকা বাকি তেল পাম্প করে সরিয়ে নেবে।
তেল নিঃসরণে ইতোমধ্যে সামুদ্রিক ও বন্য প্রাণীরা ক্ষতিগ্রস্থ হয়েছে।
যেসব প্রাণী তেল দূষণের শিকার হয়েছে তাদের রক্ষণাবেক্ষণে এগিয়ে এসেছে অ্যানিমেল রিকোভারি সেন্টার ।
কর্মকর্তারা বলেছেন, তেল নিউজিল্যান্ড উপকূলে ছড়িয়ে পড়তে পারে তারা আশঙ্কা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৫ঘ.
bdnews24