নয়া দিল্লি, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় পড়–য়া এক কাশ্মীরী তরুণের গ্রেপ্তারের মধ্য দিয়ে নয়া দিল্লিতে হাইকোর্টে বোমা হামলার তদন্ত বাংলাদেশেও গড়াল।
দুদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সন্ত্রাসবাদবিরোধী পারস্পরিক সহযোগিতার ফল ওয়াসিম আহমেদ নামের ওই কাশ্মীরী যুবকের গ্রেপ্তার।
এদিকে শুক্রবার সিলেটের দুটি বেসরকারি মেডিক্যাল কলেজের চার ভারতীয় ছাত্রের নিখোঁজ হওয়ার ঘটনাটি দিল্লি হামলার তদন্তের অংশ কি না সে বিষয়ে মুখ খোলেননি ভারতের সরকারি কর্মকর্তারা।
গত ৭ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টের ফটকে বোমাহামলায় ১৫ জন নিহত হয়। ওই হামলার পরিকল্পনায় জানতে ওয়াসিম একটি গুরুত্বপূর্ণ সূত্র বলে ভারতের ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি (এনআইএ) মনে করছে।
ওই হামলার ঘটনায় ওয়াসিমসহ এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে আমির আব্বাস ও আবিদ হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করা হয় খিসতওয়ার থেকে।
এনআইএ ওয়াসিমকে গ্রেপ্তার করার পর তার বাবা দাবি করেন, তিনিই ছেলেকে ভারতে ফিরতে বলেন এবং ফিরে আসার পর তাকে দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তদন্তকারীদের হাতে তুলে দেন।
ওয়াসিমকে শুক্রবারই দিল্লির একটি আদালতে হাজির করে ২১ অক্টোবর পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে এনআইএ।
ওয়াসিমের বাবা রিয়াজুল হাসান মালিক জম্মু-কাশ্মীরের খিসতওয়ারে কর্মরত একজন সরকারি কর্মকর্তা। তিনি দাবি করেছেন, কারাগারে আটক হিযবুল মুজাহিদীনের এক সদস্য ৭ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টের ফটকে বোমা বিস্ফোরণের পর পুলিশকে তাদের পেছনে লেলিয়ে দিয়েছে।
ওই মুজাহিদীন সদস্যকে তাদের আরেক সন্তান জুনায়েদ অপহরণের দায়ে গ্রেপ্তার করে পুলিশ।
তবে জম্মু-কাশ্মীরের পুলিশ দাবি করেছে, জুনায়েদ নিজেও একজন হিযবুল মুজাহিদীন সদস্য এবং তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি।
ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশনের রিয়াজুল হাসান সাংবাদিকদের বলেন, "পুলিশের দেওয়া একটি চিঠিতে জানানো হয়, নয়া দিল্লি হাইকোর্টে বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ আমার ছেলেকে জিজ্ঞাসাবাদ করতে চায়।"
"আমি বাংলাদেশে থাকা ছেলের সঙ্গে ফোনে কথা বলার ব্যবস্থা করে দেই। ছেলে তাদের সহযোগিতা করতে রাজি হলে আমি তাকে ফিরে আসতে বলি। দিল্লি বিমানবন্দরে তাকে রিসিভ করে পুলিশের হাতে তুলে দেই।"
তার আরেক ছেলে জুনায়েদকে অপহরণ করা হয়েছে বলে গত বছরের নভেম্বরে পুলিশে অভিযোগ দেন রিয়াজুল।
অভিযোগের ভিত্তিতে পুলিশ হিযবুল মুজাহিদীনের নেটওয়ার্ক আবিষ্কার এবং তিনজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে আজহার আলী নামে একজনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে দিল্লি হামলায় ওয়সিমের জড়িত থাকতে পারে বলে সন্দেহ করতে শুরু করে এনআইএ।
ওয়াসিমের পরিবার বলছে, বিস্ফোরণের দিন (৭ সেপ্টেম্বর) তিনি খিসতওয়ারেই ছিলেন। সেদিন তিনি এটিএম বুথ থেকে টাকা উঠিয়ে শপিং মলে কেনাকাটাও করেন। সেখানে সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাকে দেখা যেতে পারে বলেও দাবি করেন তারা।
ওয়াসিমের মা শামিমা বেগম খিসতওয়ারে একটি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
ঈদের ছুটি কাটিয়ে গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরে যান ওয়াসিম।
হাইকোর্ট বোমা হামলার দায়িত্ব স্বীকার করে হরকাতুল জিহাদের (হুজি) গণমাধ্যমে পাঠানো ইমেইলের সূত্র ধরে খিসতওয়ার আলোচনায় উঠে আসে। ইমেইল পাঠানো হয় ওখান থেকেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২১৬ ঘ.
bdnews24