২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিন লাদেনের পরিবারকে ফেরত পাঠাতে পাকিস্তানের উদ্যোগ

আল কায়েদার নিহত সাবেক শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের পরিবারের সদস্যদের ফেরত পাঠানোর জন্য সৌদি আরব ও ইয়েমেনের সরকারের সঙ্গে যোগাযোগ করছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2011, 09:33 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আল কায়েদার নিহত সাবেক শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের পরিবারের সদস্যদের ফেরত পাঠানোর জন্য সৌদি আরব ও ইয়েমেনের সরকারের সঙ্গে যোগাযোগ করছে পাকিস্তান। পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার এনডিটিভি জানায়, বিন লাদেন হত্যা বিষয়ক বিচার বিভাগীয় তদন্ত কমিশন তার পরিবারকে ফেরত পাঠানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর শুক্রবার দেশ দুটির সঙ্গে যোগাযোগ করা হয়। সিবিএস ও সিএনএনকে নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন, বিন লাদেনের তিন স্ত্রী ও সন্তানদের ফেরত পাঠানোর বিষয়ে কর্তৃপক্ষ সৌদি আরব ও ইয়েমেনের সঙ্গে যোগাযোগ করেছে। চলতি বছর ২ মে পাকিস্তানের সামকির শহর অ্যাবোটাবাদে মার্কিন বাহিনীর কমান্ডো হামলায় বিন লাদেন নিহত হওয়ার পর থেকে তার দুই সৌদি ও এক ইয়েমেনি স্ত্রীসহ পরিবারটি পাকিস্তান সরকারের হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন এক পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, "আমাদের তদন্ত সম্পূর্ণ। এ পরিবারের সদস্যদের থেকে আমাদের যা জানার ছিল জেনেছি।" মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোও বিন লাদেনের পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নিয়েছে বলেও তিনি জানান। তিনি আরো বলেন, "যুক্তরাষ্ট্রের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে বলেই আমার ধারণা। এদের কাছ থেকে আর কিছু জানার আছে বলে মনে হয় না। কিছুদিন আগেই মার্কিন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করার সুযোগ দেয়া হয়েছে।" "এদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে" বলেন তিনি। তাদের ফেরত পাঠানোর 'প্রক্রিয়া' বাকি আছে বলেও এ পাকিস্তানি কর্মকর্তা জানান। ওদিকে পশ্চিমা এক কূটনীতিক জানান, বিন লাদেনের ইয়েমেনি স্ত্রীসহ পরিবারের সব সদস্যকে প্রথমে সৌদি আরব পাঠানোর সম্ভাবনাও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫২৭ ঘ.