ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোবেল প্রবর্তনের পর থেকে এ পর্যন্ত মোট ৪১ জন নারী এ পুরস্কার পেয়েছেন, যার মধ্যে শান্তির জন্য নোবেল পেয়েছেন ১৫ জন।
নরওয়ের নোবেল কমিটি শুক্রবার চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসাবে লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন-সারলিফ এবং স্বদেশী লেমা বোয়ি এবং ইয়েমেনের নারী অধিকার কর্মী তাওয়াকুল কারমানের নাম ঘোষণা করে।
এই তিনজনকে মিলিয়ে এ পর্যন্ত ৪৩টি নোবেল পুরস্কার নারীরা জিতে নিলেও দুই জন দুই বার করে নোবেল পাওয়ায় বিজয়ী নারীর সংখ্যা দাঁড়াচ্ছে ৪১ জনে।
এর আগে শান্তিতে নোবেল জয়ী ১২ নারী হলেন- অস্ট্রিয়ার বার্থা স্টাটনার (১৯০৫), যুক্তরাষ্ট্রের জেন অ্যাডামস (১৯৩১), এমিলি গ্রিন (১৯৪৬), আয়ারল্যান্ডের বেটি উইলিয়ামস ও মেইরিড করিগ্যান (১৯৭৬), ভারতের মাদার তেরেসা (১৯৭৯), সুইডেনের আলভা মিরডাল (১৯৮২), মিয়ানমারের সু চি (১৯৯১), গুয়াতেমালার রিগোবার্তা মানচু (১৯৯২), যুক্তরাষ্ট্রের জডি উইলিয়ামস (১৯৯৭), ইরানের শিরিন এবাদি (২০০৩) এবং কেনিয়ার ওয়াঙ্গিরি মাথাই (২০০৪)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/০১৪৭ ঘ.
bdnews24