ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-লিবিয়ায় পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্মশহর সির্তের লড়াইয়ে বেশিরভাগ এলাকাই দখল করে নিয়েছে ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল (এনটিসি) বাহিনী। তবে তারা এখনো গাদ্দাফির যোদ্ধাদের প্রবল প্রতিরোধের সম্মুখীন হচ্ছে।
বিবিসি'র খবরে বলা হয়েছে, এনটিসি বাহিনীর কয়েকটি ইউনিট সির্তের কেন্দ্রেস্থল থেকে ১ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করছে। চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে সির্ত দখলের লড়াই।
এনটিসি যোদ্ধারা পশ্চিমের মিসরাতা থেকে এবং পূর্বে বেনগাজি থেকে শহরের কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হচ্ছে। তারা প্রায় কেন্দ্রস্থলের কাছে পৌঁছে গেলেও শহরের ভেতর থেকে স্নাইপারদের হামলার শিকার হচ্ছে। গাদ্দাফি অনুগত বাহিনী তাদের প্রতিটি অবস্থান থেকে অবিরাম গুলিবর্ষণ করছে।
বৃহস্পতিবার এনটিসি সেনা কমান্ডার কর্নেল সালাম আব্দুল গাদাল্লাহ জানিয়েছেন, শহরের তিন চতুর্থাংশ এলাকা তাদের হাতে চলে এসেছে। তিনি বলেন, আর খুব বেশি হলে দু'দিনের মধ্যে গোটা সির্ত গাদ্দাফি যোদ্ধা মুক্ত হবে।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৭ঘ.
bdnews24