আম্মান, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে আন্দোলনরত গোষ্ঠীগুলো রোববার একটি ঐক্যবদ্ধ জোট গঠন করেছে। নতুন এ জোটটির নাম সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি)। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে এই জোটের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে সিরীয় জনগণকে রক্ষায় আন্তর্জাতিক সহায়তা কামনা করা হয়।
বিবৃতিতে বলা হয়, "সিরিয়ার বর্তমান অবৈধ সরকারের কবল থেকে সিরীয় জনগণকে রক্ষায় এবং তাদের বিরুদ্ধে চলা ব্যাপকমাত্রার মানবাধিকার লঙ্ঘণ বন্ধ করতে, বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি তাদের দায়িত্ব পালনে পর্যাপ্ত উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছে এই কাউন্সিল।"
গত সেপ্টেম্বর মাসে প্রথম এসএনসি গঠনের ঘোষণা দেওয়া হয়। কিন্তু বিভিন্ন মতবিরোধের কারণে উদ্যোগটি তখন সফল হয় নি।
বিবিসি জানায়, তুরস্কে দুইদিনব্যাপী বৈঠকের পর ২ অক্টোবর সিরিয়ার সরকারবিরোধী দলগুলোর নেতারা জানান, তারা এসএনসি'র লক্ষ্য ও কাঠামোর বিষয়ে একটি সমঝোতায় উপনীত হয়েছেন।
একটি নতুন গণতান্ত্রিক সিরিয়া প্রতিষ্ঠা করা এসএনসির লক্ষ্য এবং সিরিয়ার যে কোন নাগরিক এর সদস্য হতে পারবে বলে তারা জানান।
এসএনসির চেয়ারম্যান বোরহান ঘালিয়ুন জানান, দেশে ও বিদেশে অবস্থানরত আসাদবিরোধী সবাইকে একত্রিত করতে সফল হয়েছে এসএনসি।
তিনি আরো বলেন, এতে "সিরিয়ার নাগরিকদের সার্বভৌমত্ব ক্ষুণœ করে, এমন কোনো বহিঃর্শক্তির অংশগ্রহণ প্রত্যাখান করছে এসএনসি।"
গত মাসে এসএনসির চেয়ারপারসন হিসেবে বোরহান ঘালিয়ুনের নাম ঘোষণা করা হয়। এসএনসির পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে আছেন মুখপাত্র বাজমা কোদমানি, মুসলিম ব্রাদারহুডের মোহাম্মেদ রিয়াদ আল শফিক এবং দামেস্কাস ডিক্লিয়ারেশন রিফর্মের প্রতিনিধিরা।
সিরিয়ার ইসলামি ও জাতীয়তাবাদী দলগুলো এসএনসি'র সমর্থক, এছাড়া তৃণমূল পর্যায়ে আন্দোলন পরিচালনাকারী 'স্থানীয় সমন্বয় কমিটি'ও এসএনসি'র প্রতি সমর্থন জানিয়েছে।
তবে, এসএনসির গঠনের ঘোষণা দেওয়া সত্বেও এর সমর্থকদের মাঝে কিছু মতবিরোধ আছে বলে জানিয়েছে বিবিসি।
এসএনসির মুখপাত্র কোদমানি জানান, আগামী নভেম্বর মাসে এসএনসি'র ১৯০ সদস্যের সাধারণ পরিষদের অধিবেশন হবে।
এদিকে, সিরিয়ার সরকারী বাহিনী মধ্যাঞ্চলীয় বিদ্রোহী অধ্যুষিত শহর রাস্তান পুনর্দখল করেছে। শহরটিতে কয়েকদিন ধরে সেনাবাহিনীর পক্ষ ত্যাগকারী সদস্যদের সাথে সরকার অনুগত সেনাদের প্রবল লড়াই চলছিল।
সিরিয়ার আসাদবিরোধী আন্দোলন মোকাবিলায় কঠোর দমননীতি গ্রহণের ফলে গত ছয় মাসের দেশটিতে অন্ততপক্ষে ২ হাজার ৭শ' মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩৪ ঘ.
bdnews24