সির্ত, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-লিবিয়ার পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্মশহর সির্ত মানবিক সংকটের মুখে পড়েছে। হাসপাতালে জেনারেটরের জ্বালানি ফুরিয়ে যাওয়ায় মারা যাচ্ছে যুদ্ধাহতরা।
পরিস্থিতির অবনতিতে শহর ছেড়ে পালানো চিকিৎসা কর্মীরা রোববার একথা জানিয়েছে।
জ্বালানি সংকটের কারণে ডাক্তাররা কাজ শুরু করার পরই বিদ্যুৎ চলে গিয়ে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। মারা যাচ্ছে রোগীরা।
বিদ্যুৎ না থাকার কারণে অপারেশনের টেবিলেই ১৪ বছরের এক শিশুকে মারা যেতে দেখার কথা জানিয়েছেন এক হাসপাতালকর্মী।
শনিবার অবরুদ্ধ সির্তে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)।
সির্ত দখলের লড়াইয়ের কারণে শহরের বাসিন্দাদের জন্য চিকিৎসা সহায়তা জরুরি হয়ে পড়ায় এ সাহায্য পাঠায় তারা। কিন্তু গোলাগুলির কারণে তারা হাসপাতালে পৌঁছতে পারেনি।
এর আগে আইসিআরসি সতর্ক করে দিয়ে জানায়, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে সির্তে মানুষজন মারা যাচ্ছে।
হাসপাতালগুলোতে অক্সিজেন ও জ্বালানি সংকট দেখা দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
শনিবার ট্রাকভর্তি চিকিৎসা সরঞ্জাম নিয়ে আইসিআরসি'র কর্মীদল এনটিসি অনুগত যোদ্ধাদের পাহারায় থাকা কয়েকটি চেকপয়েন্ট অতিক্রম করে সির্তে প্রবেশ করে।
কিন্তু হাসপাতালে পর্যাপ্ত সহায়তা পৌঁছাতে না পারার কারণে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হাসপাতালের মানবিক সংকট নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
রোববার সকালে হাসপাতাল থেকে পালিয়ে আসা এক চিকিৎসাকর্মী বলেন, "পরিস্থিতি বিপর্যয়কর। অক্সিজেনের অভাবে প্রতিদিন রোগীরা মারা যাচ্ছে।"
তিনি জানান, বেসরকারী ওষুধ কোম্পানিগুলো একসপ্তাহ আগে তাদের মজুদ শেষ হওয়ার আগে হাসপাতালে ওষুধ সরবরাহ করেছে। কিন্তু সেগুলোও এখন ফুরিয়ে আসছে।
লিবিয়ার অন্তবর্তী শাসক গোষ্ঠী 'ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল' এনটিসি শহরটি থেকে বেসামরিক নাগরিকদের বের হয়ে যাওয়ার সুযোগ করে দিতে শুক্রবার দুই দিনের অস্ত্র বিরতি ঘোষণা করে। কিন্তু আইসিআরসি'র কর্মীরা লড়াই চলছে বলে জানিয়েছে।
।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এমডি/এলকিউ/২০৫১ঘ.
bdnews24