ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্দোনেশিয়ার পপস্টার নাজরিল ইরহামকে আপত্তিজনক ভিডিওচিত্র তৈরি ও তা সর্বসমক্ষে ছড়িয়ে দেওয়ার অপরাধে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে একটি আদালত।
গত বছরের জুনে অ্যারিয়েল নামে পরিচিত পপ সঙ্গীতশিল্পী নাজরিল ইরহাম অন্য দুই সেলিব্রেটির সঙ্গে তার শারীরিক সম্পর্কের ভিডিওচিত্র ধারণ করে সর্বসমক্ষে প্রকাশ করে দেন।
২০০৮ সালে ইন্দোনেশিয়ায় পর্নোগ্রাফির ওপর কঠোর আইন প্রণয়ন হয়। অ্যারিয়েলই প্রথম সেলিব্রেটি যিনি ওই আইনের আওতায় দণ্ডিত হলেন বলে বিবিসি জানায়।
তবে ভিডিওচিত্র প্রকাশের বিষয়টি অস্বীকার করেছেন অ্যারিয়েল। তিনি দাবি করেন, ওগুলো চুরি হয়ে থাকতে পারে।
এ ঘটনায় অ্যারিয়েলের শাস্তি দাবি করে রক্ষণশীল গোষ্ঠীগুলো।
অবশ্য অ্যারিয়েলের সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিওচিত্রে অংশ নেওয়া দুই নারীর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫৪১ ঘ.
bdnews24