বেইজিং, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মিশরের সরকার-বিরোধী বিক্ষোভের ঢেউ সাইবার স্পেসে ছড়িয়ে পড়া ঠেকাতে মাইক্রো-ব্লগ সার্চে 'মিশর' শব্দটি বন্ধ করে দিয়েছে চীন।
'sina.com' এবং 'Sohu.com' এর মতো সামাজিক নেটওয়ার্কিং সাইটের মাইক্রোব্লগে মিশর সার্চ রোববার বন্ধ করে দেওয়া হয়েছে। এ ওয়েবসাইটগুলো অনেকটা টুইটারের মতো।
সাইটগুলোর মাইক্রোব্লগে মিশর দিয়ে সার্চ দিলে 'বিধিনিষেধ মোতাবেক পাতাটি দেখানো যাচ্ছে না' লেখা দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা।
মিশরের গণবিক্ষোভ যাতে চীনে রাজনৈতিক অস্থিতিশীলতার পট প্রস্তুত করতে না পারে সেজন্যই এ ব্যবস্থা।
চীন জানিয়েছে, ইন্টারনেট এর ব্যবহারকারীদের জন্য অবাধ এবং উন্মুক্ত রয়েছে। তবে সরকার টুইটার, ফ্লিকার, ফেইসবুক এবং ইউটিউবের মতো অসংখ্য সামাজিক নেটওয়ার্কিং সাইট বন্ধ করে দিয়েছে।
নিরাপত্তা সুরক্ষার জন্য চীন নিয়মিতই এ ধরনের সাইটগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ এবং সেন্সরশীপ আরোপ করে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এইচএ/১৮৩২ ঘ.
bdnews24