২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে আবার ছাত্র বিক্ষোভ

বিশ্ববিদ্যালয়ের বেতন বাড়ানো ও শিক্ষা সহায়তা সংক্রান্ত অনুদান বন্ধের সরকারি পরিকল্পনার বিরুদ্ধে শনিবার যুক্তরাজ্যে নতুন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 12:48 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

লন্ডন, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-বিশ্ববিদ্যালয়ের বেতন বাড়ানো ও শিক্ষা সহায়তা সংক্রান্ত অনুদান বন্ধের সরকারি পরিকল্পনার বিরুদ্ধে শনিবার যুক্তরাজ্যে নতুন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সরকারের এ পরিকল্পনার বিরুদ্ধে গত বছর শেষদিকে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সেসময় প্রিন্স চার্লস ও স্ত্রীর গাড়িতে আক্রমণ চালায় বিক্ষুব্ধরা। তারপর লন্ডন ও ম্যানচেস্টারে এটাই শিক্ষার্থীদের বড় ধরনের বিক্ষোভ। "পার্লামেন্ট যা করে রাজপথ তা বাতিল করতে পারে" লেখা ব্যানার নিয়ে প্রায় তিন হাজার বিক্ষোভকারী সেন্ট্রাল লন্ডন থেকে ওয়েস্টমিনিস্টারের দিকে যায়। লন্ডন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিয়ারা স্কুইরেস (১৮) জানান, তিনি তার ছোটো বোনের লেখাপড়া বন্ধ হতে চলার প্রতিবাদে রাস্তায় নেমেছেন। স্কুইরেস বলেন, "শিক্ষা বিনামূল্যে হওয়া উচিত। আমার ছোটো বোন শিক্ষা সহায়তা ভাতা (ইএমএ) হারাচ্ছে। এতে তাকে কলেজ ছাড়তে হবে। তারপর আর সে বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে না।" "পার্লামেন্ট আমাদের কথা শুনছে না এবং কলেজের বেশিরভাগ শিক্ষার্থী ভোট দিতে পারে না। তাই আমাদের রাজপথে থাকতে হবে। এটাই আমাদের বক্তব্য তুলে ধরার একমাত্র পথ।", বলেন তিনি। 'লন্ডন-কায়রো একজোট হও, লড়াই করো', স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা লন্ডনে মিশর দূতাবাসের সামনে যায়। সেখানে মিশরের প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে বিক্ষোভ হচ্ছিল। ম্যানচেস্টারেও ট্রেড ইউনিয়নের সদস্যদের সঙ্গে শিক্ষার্থীরা একজোট হয়ে সরকারের ব্যয় হ্রাস পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেছে। সেখান থেকে ছয় জনকে আটক করা হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮৪৮ ঘ.