ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) পাঁচটি ভাষায় তাদের বেতার অনুষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে ৬৫০ জন কর্মী চাকরি হারাবে।
ব্যয়সঙ্কোচনের জন্যই বিবিসি'র এ পদক্ষেপ। এতে বিবিসির প্রায় ৪ কোটি ৬০ লাভ পাউন্ড সাশ্রয় হবে।
ওই দপ্তরগুলোতে প্রায় ২ হাজার ৪শ' কর্মী কাজ করেন। এ বিষয়ে বুধবার বিবিসির ঘোষণা দেওয়ার কথা।
বিবিসি ম্যাকাডোনিয়ান, আলবেনিয়ান এবং সার্বিয়ান ভাষায় তাদের অনুষ্ঠান বন্ধ করবে। পাশাপাশি ক্যারিবিয়ানদের জন্য ইংরেজি ভাষায় এবং আফ্রিকার জন্য পর্তুগিজ ভাষার অনুষ্ঠানও বন্ধ করবে সংস্থাটি।
বিবিসি জানিয়েছে, ব্রিটিশ সরকারের ব্যয় সংকোচন নীতির প্রতি সমর্থন জানিয়ে তারা এ পদক্ষেপ নিয়েছে। কিন্তু কর্মী ইউনিয়নগুলো এ পদক্ষেপকে 'ভয়াবহ' আখ্যা দিয়েছে।
১৯৩২ সালে যাত্রা শুরু করা সংবাদমাধ্যম বিবিসির বর্তমানে বার্ষিক ব্যয় ২৭ কোটি ২০ লাখ পাউন্ড। বিশ্বব্যাপী প্রায় ২৪ কোটি ১০ লাখ মানুষ রেডিও, টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে বিবিসির সেবা গ্রহণ করে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫৩৫ ঘ.
bdnews24