২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আইন প্রয়োজন'

খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আইন প্রণয়ন প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 12:55 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

টোকিও, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আইন প্রণয়ন প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর মহাপরিচালক জ্যাক দিউফ মঙ্গলবার জাপানের নিকেই বিজনেস দৈনিকে এক মন্তব্য প্রতিবেদনে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে আইনের প্রয়োজনীয়তার কথা বলার পাশাপাশি আগামী বছরগুলোতে বিশ্বে খাদ্য সংকট দেখা দেওয়ার ব্যাপারেও সতর্ক করেন। তিনি জানান, আন্তর্জাতিক কৃষি ব্যবস্থার ভারসাম্যহীনতার কারণগুলো আমরা মোকাবেলা করতে না পারলে আগামী বছরগুলোতে দ্রব্যের উচ্চমূল্য ও খাদ্য ব্যবস্থায় অস্থিরতা চলতে থাকবে। দিউফ বলেন, কৃষিপণ্যের ভবিষ্যৎ বাজারে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নেওয়া এবং স্বচ্ছতা নিশ্চিতের জন্য আইন প্রণয়ন জরুরি। দিউফের বরাত দিয়ে নিকেই জানিয়েছে, বিশ্ব এখন অন্য একটি বড় ধরনের খাদ্য সংকটের মুখে রয়েছে এবং কৃষিক্ষেত্রে ভর্তুকি ও কৃষিপণ্যের ওপর শুল্ক বিশ্বে খাদ্যপণ্যের সরবরাহ ও চাহিদার ভারসাম্যহীনতার মূল নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। এ মাসে এফএও এক প্রতিবেদনে জানায়, ডিসেম্বরে খাদ্যপণ্যের রেকর্ড মূল্যবৃদ্ধি হয়েছে। দিউফ বলেন, খাদ্যপণ্যের অনিশ্চয়তার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে দরিদ্র জনগোষ্ঠী এবং তা "বিভিন্ন দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করবে এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়াবে।" সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি অর্থ বাজার নিয়ন্ত্রণ করা গেলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কেনো করা যাবে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন। সারকোজি বলেন, "আমরা কিছু না করলে দরিদ্র দেশগুলোতে খাদ্যপণ্য নিয়ে দাঙ্গা ও বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি হুমকির মধ্যে পড়ার ঝুঁকি থেকে যাবে। খাদ্য নিয়ে দাঙ্গা শুরু হলে জি টোয়েন্টি'র কোনো দেশ বলতে পারবে যে, এটা আমাদের উদ্বেগের বিষয় নয়?" খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে ইতোমধ্যেই উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু দেশে বিক্ষোভ শুরু হয়েছে। তাছাড়া উন্নয়নশীল দেশগুলোর মানুষের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮৫০ ঘ.