২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিসিয়া; বেন আলির দল ত্যাগ করলেন ৪ মন্ত্রী

তিউনিসিয়ার পলাতক প্রেসিডেন্ট জিনে আল-আবিদিনে বেন আলির দল থেকে পদত্যাগ করেছেন অন্তবর্তী সরকারের চার মন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 12:21 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

তিউনিস, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-তিউনিসিয়ার পলাতক প্রেসিডেন্ট জিনে আল-আবিদিনে বেন আলির দল থেকে পদত্যাগ করেছেন অন্তবর্তী সরকারের চার মন্ত্রী। বেন আলির দল (আরসিডি) সংশ্লিষ্টদের সরকার থেকে বের করার দাবিতে অন্তবর্তী সরকারের চার বিরোধী দলীয় মন্ত্রীর পদত্যাগ ও জনগণের বিক্ষোভের মুখে দলীয় পদ থেকে সরে দাঁড়ালেন মন্ত্রীরা। তিউনিসিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বৃহস্পতিবার মন্ত্রীদের আরসিডি থেকে পদত্যাগের কথা জানানো হয়। এর আগে প্রধানমন্ত্রী মোহাম্মদ গানুচি ও প্রেসিডেন্ট ফুয়াদ মেবাজা আরসিডি'র দলীয় পদ থেকে সরে দাঁড়ান। অন্তবর্তী সরকারের গ্রহণযোগ্যতা সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দলীয় পদ থেকে মন্ত্রীদের সরে দাঁড়ানো বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্টের পরিবারের সদস্যদের সম্পত্তি জব্দ করার অভিযানের অংশ হিসেবে বেন আলির জামাতার মালিকানাধীন একটি ব্যাংক রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। বুধবার দেশত্যাগের চেষ্টাকালে বেন আলির গোত্রের ৩৩ সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার। সুইজারল্যান্ডে থাকা বেন আলির পরিবারের সদস্যদের সম্পদ জব্দ করেছে সুইস কর্তৃপক্ষ। বেন আলির সরকারের মন্ত্রী ও তার দল সংশ্লিষ্ট সব মন্ত্রীকে সরকার থেকে বের করার দাবিতে বুধবার তিউনিসে বিক্ষোভ করে পাঁচ শতাধিক মানুষ। বেকারত্ব, দুর্নীতি ও দারিদ্রের কারণে সরকার বিরোধী কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে গত শনিবার পরিবারের সদস্যদের নিয়ে সৌদি আরব পালিয়ে যান বেন আলি। ডিসেম্বরের মাঝামাঝি সিদি বৌজিদ শহরে উচ্চশিক্ষিত এক বেকার যুবক আত্মহত্যার উদ্দেশ্যে গায়ে আগুন ধরিয়ে দেওয়ার পর তিউনিসিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সব্জি বিক্রিতে পুলিশ বাধা দিলে গায়ে আগুন দেন ওই যুবক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮১৭ ঘ.