পোর্ট-অ-প্রিন্স, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে সাবেক একনায়ক 'বেবি ডক' নামে পরিচিত জ্যঁ ক্লদ দ্যুভালিয়ারকে গ্রেপ্তারের জন্য হাইতির সরকারের প্রতি সোমবার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।
যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচের পরিচালক হোসে মিগুয়েল এক বিবৃতিতে বলেন, "শুধু বিচারের মুখোমুখি হওয়ার কারণেই দ্যুভালিয়ার হাইতিতে ফিরে আসতে পারেন।"
হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ১৫ বছর ক্ষমতায় থাকাকালীন বিরোধী মতাদর্শিক হাজার হাজার মানুষকে হত্যা ও নির্যাতন করেছেন দ্যুভালিয়ার। এ কারণে তাকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত।
দ্যুভালিয়ারের শাসনামলের এসব কর্মকাণ্ডকে অ্যামনেস্টি 'মানবতার বিরুদ্ধে অপরাধ' আখ্যা দিয়েছে।
দ্যুভালিয়ারের গ্রেপ্তার বিষয়ে মানবাধিকার সংস্থাগুলোর আহ্বানের জবাবে হাইতির প্রধানমন্ত্রী জ্যঁ ম্যাক্স বিলেরিভ বলেন, সাবেক একনায়কের প্রত্যাবর্তনের বিষয়টিতে সরকার 'স্বস্তিবোধ করছে না'।
ম্যাক্স আরো যোগ করেন, হাইতিতে সাংবিধানিকভাবে নির্বাসন নিষিদ্ধ হওয়ার পর থেকে দ্যুভালিয়ার দেশে ফেরার অধিকার পান।
ম্যাক্স বলেন, 'যদি তার (দ্যুভালিয়ার) বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় তবে বিচার বিভাগ যা করণীয় তাই করবে।"
হাইতির নির্বাসিত সাবেক এই একনায়ক ২৫ বছর পর আকস্মিকভাবে রোববার নিজ দেশ হাইতিতে ফিরে এসেছেন।
১৯৮৬ সালে প্রবল গণঅভ্যুত্থান ও যুক্তরাষ্ট্রের চাপে তিনি হাইতি ছেড়ে যেতে বাধ্য হন।
গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত দ্যুভালিয়ার ছিলেন হাইতির প্রবল প্রতাপশালী একনায়ক। ১৯৭১ সালে পিতার মৃত্যুর পর মাত্র ১৯ বছর বয়সে তিনি হাইতির ক্ষমতায় অধিষ্ঠিত হন। তিনি ছিলেন বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধান।
তবে বিশ্লেষকরা বলছেন, দ্যুভালিয়ারের এই প্রত্যাবর্তন ভূমিকম্পে বিধ্বস্ত ও রাজনৈতিক অস্থিতিশীল হাইতির পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে।
গত ২৮ নভেম্বরের প্রেসিডেন্ট ও আইন পরিষদ নির্বাচনের ঘোষিত প্রাথমিক ফলাফলে প্রতারণার অভিযোগে হাইতিতে ও াস্তায় রাস্তায় সহিংস বিক্ষোভ শুরু হয়।
এর একবছর আগে ভয়াবহ এক ভূমিকম্পে ৩ লাখ মানুষের মৃত্যু হয়। অবকাঠামোগত মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় দেশটি যা এখনো কাটিয়ে ওঠার জন্য সংগ্রাম করছে হাইতি।
পাশপাশি নির্বাচনের আগে দেশজুড়ে কলেরা মহামারি ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ সিআর/১২৫২ ঘ.
bdnews24