২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিসিয়ায় আবারো বিক্ষোভ বেন আলির দলের কেউ সরকারে নয়

পলাতক সাবেক প্রেসিডেন্টের দলের সদস্য সরকারে নয়- এ দাবিতে জাতীয় ঐকমত্যের সরকার ঘোষণার আগে তিউনিসিয়ায় আবার বিক্ষোভ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 12:15 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

তিউনিস, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পলাতক সাবেক প্রেসিডেন্টের দলের সদস্য সরকারে নয়- এ দাবিতে জাতীয় ঐকমত্যের সরকার ঘোষণার আগে তিউনিসিয়ায় আবার বিক্ষোভ শুরু হয়েছে। তিউনিসিয়ার রাজধানী তিউনিসে ছড়িয়ে পড়া বিক্ষোভ-সহিংসতা দমনে জলকামান ব্যবহার ও ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট জিনে আল-আবিদিন বেন আলি শুক্রবার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে তিউনিসিয়ায় জরুরি অবস্থা জারি রয়েছে। প্রধানমন্ত্রী মোহাম্মদ গানুচির সোমবার দেশটিতে নতুন জাতীয় ঐকমত্যের সরকার ঘোষণা করার কথা। এ ঘোষণা আসার কয়েক ঘণ্টা আগে ক্ষমতাসীন দল কনস্টিটিউশনাল ডেমোক্র্যাটিক র‌্যালি (আরসিডি) সংশ্লিষ্টদের নতুন সরকারের বাইরে রাখার দাবিতে শুরু হয়েছে এ বিক্ষোভ। তিউনিসের প্রধান সড়কে প্রায় হাজার খানেক বিক্ষোভকারী বেন আলির দল আরসিডি-এর বিরুদ্ধে স্লোগান দেয়, 'আরসিডি থেকে বেরিয়ে আসো!', 'স্বৈরতান্ত্রিকতার দল থেকে বেরিয়ে আসো'। রোববার এক বিবৃতিতে গানুচি বলেন, "আগামীকাল (সোমবার) আমরা নতুন সরকার ঘোষণা করবো, যার মাধ্যমে তিউনিসিয়ার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হবে।" নতুন জাতীয় সরকারে বিরোধীদলীয় তিন নেতাও দায়িত্ব পাবেন। নতুন সরকার গঠনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত দুই সমঝোতাকারী রয়টার্সকে এ তথ্য জানান। তবে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় দুটিতে সাবেক সরকারের মন্ত্রীরাই দায়িত্ব পালন করবেন। রোববার রাতে তিউনিসিয়ার বিশেষ বাহিনীর সঙ্গে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট জিনে আল আবিদিন বেন আলির অনুগত বাহিনীর কয়েক দফা বন্দুকযুদ্ধ হয়েছে বলে এক সেনাসূত্র জানিয়েছে। সরকারের পতনের পর দেশজুড়ে চলতে থাকা লুটপাট, অগ্নিসংযোগ, গুলিবর্ষণের মতো অরাজকতা নিয়ন্ত্রণে আনতে জাতীয় ঐকমত্যের সরকার গঠনে রাজি হয় রাজনৈতিক দলগুলো। শনিবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া পার্লামেন্টের নিুকক্ষের স্পিকার ফুয়াদ মেবাজা প্রধানমন্ত্রী মোহাম্মদ গানুচিকে একটি জাতীয় সরকার গঠনের অনুরোধ জানান। তিউনিসিয়ার সাংবিধানিক কর্তৃপক্ষ জানিয়েছে ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এএইচ/এলকিউ/পিডি/১৮৪০ ঘ. ঘ.