ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্রে জলদস্যুবৃত্তির কারণে বিশ্ব অর্থনীতিতে ৭শ' কোটি ডলার থেকে ১২শ' কোটি ডলার ব্যয় হচ্ছে। এক গবেষণায় একথা বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের 'ওয়ান আর্থ ফিউচার' নামের এক গবেষণা সংস্থা সংকলিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পায়।
যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউজের অফিসে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
এতে বলা হয়, ২০০৬ সাল থেকে এ পর্যন্ত ১৬শ' জলদস্যুতার ঘটনা ঘটেছে এবং এতে ৫৪ জন মানুষ নিহত হয়েছে।
গবেষণায় তারা মুক্তিপণ, নিরাপত্তার রসদ এবং বাণিজ্যে জলদস্যুতার প্রভাব হিসাব করে অর্থনৈতিক ব্যয়ের এই অঙ্ক প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, উল্লেখিত সংখ্যার যে অংশ জলদস্যুদের পেছনে ব্যয় হয় তার সিংহভাগ সোমালি জলদস্যুদের পেছনে ব্যয় হচ্ছে।
এই হিসাব নির্ধারণ করা যথেষ্ট কঠিন হলেও একজন গবেষক আরো দেখিয়েছেন, এ সংখ্যা ২০০৫ সাল থেকে পাঁচগুণ বেশী।
সাগর-মহাসাগরগুলোতে টহল দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টা সত্ত্বেও গত কয়েক বছরে জলদস্যুতা এবং জলদস্যু প্রভাবিত এলাকা বৃদ্ধি পেয়েছে।
প্রতিবেদনে বিশ্বব্যপী জলদস্যু অধ্যুষিত কয়েকটি অঞ্চল চিহ্নিত করা হয়েছে।
আফ্রিকার শিং বলে পরিচিত সোমালি উপকূল, নাইজেরিয়া ও গিনি উপসাগর এবং মালাক্কা প্রণালী।
প্রতিবেদনে জলদস্যু আক্রান্ত এলাকাগুলো এড়াতে জাহাজের ঘুরপথে গন্তব্যস্থলে যেতে সবচেয়ে বেশী ব্যয় হয় বলে জানানো হয়েছে। এই ব্যয়ের পরিমাণ ২শ' ৪০ কোটি ডলার থেকে ৩শ' কোটি ডলারের মধ্যে।
আর প্রতি বছর ২শ' কোটি ডলার ব্যয় হয় শুধুমাত্র সোমালি উপকূল পাহারা দিতে।
কলোরাডো ভিত্তিক আর্থ ফিউচার ফাউন্ডেশনের গবেষক আনা বাউডেন জানান, "এই ব্যয়ের কিয়দংশ অভাবনীয়রূপে বাড়ছে।"
"এর মধ্যে উদ্বিগ্ন হওয়ার মত ব্যাপার হচ্ছে জলদস্যুতার এই ঘটনাগুলোকে শুধুমাত্র লক্ষণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এর মূল কারণ উদঘাটনে প্রায় কিছুই করা হয়নি।"
এ বছরের শুরু থেকে এ পর্যন্ত বিশ্বের ১৮টি দেশের প্রায় ৫শ' সমুদ্রগামী জাহাজ জলদস্যুদের কবলে পড়েছে।
আর সোমালিয়ায় জলদস্যুতার প্রকোপ বাড়ার পেছনে দেশটিতে দুই দশক ধরে চলমান গৃহযুদ্ধে আইনের শাসন ভেঙে পড়াকে দায়ী করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭০৫ ঘ.
bdnews24