২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে সরকার গঠনের আলোচনা পেছালো

লেবাননে সোমবার নতুন সরকার গঠনের আলোচনা এক সপ্তাহ পিছিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 09:19 AM

Updated : 24 Aug 2022, 02:20 PM

বৈরুত, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লেবাননে সোমবার নতুন সরকার গঠনের আলোচনা এক সপ্তাহ পিছিয়ে গেছে। প্রেসিডেন্ট মিশেল সুলায়মান এর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "লেবাননের বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন অবস্থান বিবেচনায় বৈরুতে সরকার গঠন আলোচনা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।" এর আগে শিয়াপন্থী হিজবুল্লাহ নেতা সাইয়িদ হাসান নাসরাল্লাহ রোববার বলেন, লেবাননে নতুন জোট সরকার গঠনে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী সাদ আল হারিরিকে সমর্থন দেবে না হিজবুল্লাহ। নাসরাল্লাহ বলেন, "বিরোধীদলগুলো সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত নিয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে হারিরির নাম আগামীকাল (সোমবার) উপস্থাপন করবে না।" নাসরাল্লাহ আরো বলেন, "লেবাননের জন্য একটি দায়িত্বশীল অনুগত সরকার গঠনের জন্য, ব্যর্থ এই সরকারকে ক্ষমতাচ্যুত করা অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল।" হিজবুল্লাহ ও তার মিত্ররা প্রধানমন্ত্রী হিসেবে কার নাম প্রস্তাব করবে সে সম্পর্কে কোনোকিছু জানাতে অস্বীকৃতি জানান নাসরাল্লাহ। লেবাননের সংবিধান অনুযায়ী যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন তাকে অবশ্যই সুন্নি মুসলিম হতে হবে। তবে এক শীর্ষ রাজনৈতিকসূত্র জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ওমর কারামিকে সামনে নিয়ে আসার পরিকল্পনা হচ্ছে। ওমর কারামি একজন সিরিয়াপন্থী রাজনীতিক। এর আগেও তিনি দুইবার লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৫ সালে রফিক হারিরি হত্যাকাণ্ডের দুই সপ্তার মাথায় প্রবল জনরোষ ও সিরিয়াবিরোধী বিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করেন। গত বুধবার লেবাননের জোট সরকার থেকে শিয়াপন্থী হিজবুল্লাহ ও এর মিত্র রাজনৈতিকদলগুলোর ১১ মন্ত্রী পদত্যাগ করলে প্রধানমন্ত্রী সাদ আল হারিরির নেতৃত্বাধীন ঐকমত্যের সরকারের পতন ঘটে। ২০০৫ সালে রফিক হারিরির হত্যাকাণ্ডে হিজবুল্লাহ সদস্যরা জড়িত- জাতিসংঘ ট্রাইব্যুনালের তদন্তে এমন অভিযোগ উঠে আসার আভাস পাওয়ার পর পরই হিজবুল্লাহ ও তার মিত্ররা মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেয়। এই পরিস্থিতিতে সাদ আল-হারিরিকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসাবে নেতৃত্বে থাকার অনুরোধ জানান প্রেসিডেন্ট মিশেল সুলেইমান। বৃহস্পতিবার এক বিবৃতিতে সুলেইমান নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত হারিরিকে তত্ত্ববধায়ক সরকার প্রধান হিসাবে দায়িত্ব চালিয়ে যেতে বলেছেন। ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের মাত্র ১৪ মাসের মাথায় সাদ হারিরি সরকারের পতন ঘটল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫০০ ঘ.