থিরুবানানথাপুরাম, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের কেরালায় তীর্থযাত্রা থেকে ফেরার পথে পদদলিত হয়ে শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনার পর হুড়োহুড়িতে এই হতাহতের ঘটনা ঘটে বলে ভারতীয় সংবা মাধ্যম জানিয়েছে।
কেরালার ইদ্দুকি জেলার সবরিমালা মন্দিরের কাছে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। কেরালা রাজ্যের মন্দির বিষয়ক মন্ত্রী রামাচন্দ্রন কাড়ান্নাপপাল্লি টেলিফোনে রয়টার্সকে বলেছেন, নিহতের সংখ্যা কমপক্ষে ১০০। ভারতের সংবাদ মাধ্যমের খবর, নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। আহতও শতাধিক।
ধর্মীয় ওই তীর্থ স্থানে একটি উৎসবে জড়ো হয়েছিলেন কয়েক হাজার পুণ্যার্থী হিন্দু। শুক্রবার ছিলো উৎসবের শেষ দিন।
এনডিটিভি জানায়, রাত সোয়া ৮টার দিকে পাহাড়ি পথ বেয়ে তীর্থযাত্রীরা যখন নামছিলেন, তখন ওই পথে তীর্থযাত্রীবাহী একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে এলে শুরু হয় হুড়োহুড়ি। আর তাতেই হতাহতের ঘটনা ঘটে বলে কেরালার শিক্ষামন্ত্রী এম এ বাবি এনডিটিভিকে জানিয়েছেন।
তিনি বলেন, দুর্ঘটনায় কয়েকজন মারা যান। তবে বেশিরভাগ মারা যান আতঙ্কের পর হুড়োহুড়িতে পদদলিত হয়ে।
প্রধানমন্ত্রী মনমোহন সিং দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন। নিহতদের প্রতি পরিবারকে ১ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আহতরা পাবেন ৫০ হাজার রুপি।
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি বলেছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানোর জন্য সেনাবাহিনী তলব করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/০৯৪৫ ঘ.
bdnews24