ম্যানিলা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে ৪২ জন মানুষের প্রাণহানি হয়েছে। ধ্বংস হয়েছে ভৌত অবকাঠামো ও শস্য, অর্থের অংকে যা ২ কোটি ৩০ লাখ ডলারেরও বেশি।
বৃহস্পতিবার দেশটির দুর্যোগ সংস্থার কর্মকর্তারা এ খবর জানান।
ফিলিপাইনের দুর্যোগ সংস্থার প্রধান বেনিতো র্যামোস সাংবাদিকদের বলেন, ডিসেম্বরের শেষদিক থেকে দেশটিতে টানা ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রায় ৪ লাখ মানুষ গৃহচ্যুত হয়েছে।
দেশটির উত্তর ও পশ্চিমের প্রধান চাল ও অন্যান্য শস্য উৎপাদক অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
র্যামোস আরো বলেন, " আমাদের সেনারা হেলিকপ্টারে করে উপদ্রুত অঞ্চলে ত্রাণ সরবরাহ করছে। পাশাপাশি তারা ক্ষয়ক্ষতি ও পুনর্বাসনের জন্য জরিপও চালাচ্ছে।"
নিহতদের অধিকাংশই বন্যার পানিতে ডুবে অথবা মাটির নিচে চাপা পড়ে মারা গেছে, এখনো ৩ জেলেসহ ৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।
দেশটির ৮০ টি প্রদেশের অধিকাংশই টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। র্যামোস জানান, এতে রাস্তা, সেতু, ক্ষুদ্র শস্য খামার এবং হালকা উপাদান দিয়ে তৈরি ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে।
শুক্রবার প্রেসিডেন্ট বেনিনিয়ো অ্যাকুইনো মধ্যাঞ্চলের বন্যাদুর্গত বেশকিছু এলাকা পরিদর্শক করবেন বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪২৬ঘ.
bdnews24