২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টিলথ বিমান হুমকি নয়, যুক্তরাষ্ট্রকে আশ্বাস চীনের

চীনের পরীক্ষা চালানো স্টিলথ জঙ্গি বিমানকে হুমকি হিসাবে দেখা উচিত নয়। তাছাড়া, প্রশান্ত মহাসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের সমরশক্তিকে চ্যালেঞ্জ করার কোনো অভিপ্রায়ও চীনের নেই। যুক্তরাষ্ট্রকে বুধবার এ আশ্বাস দিয়েছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 12:50 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

বেইজিং, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনের পরীক্ষা চালানো স্টিলথ জঙ্গি বিমানকে হুমকি হিসাবে দেখা উচিত নয়। তাছাড়া, প্রশান্ত মহাসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের সমরশক্তিকে চ্যালেঞ্জ করার কোনো অভিপ্রায়ও চীনের নেই। যুক্তরাষ্ট্রকে বুধবার এ আশ্বাস দিয়েছে চীন। চীনের নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ প্রতিরক্ষা বিষয়ক পরমর্শদাতা রিয়ার এডমিরাল 'পিপলস ডেইলি'র বিদেশি সংস্করণে এক মন্তব্য প্রতিবেদনে লিখেছেন, "যুক্তরাষ্ট্র কিংবা বিশ্বে কারো ভূখণ্ডের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ানোর অভিপ্রায় বা সক্ষমতা দ্যা পিপলস লিবারেশন আর্মির নেই।" "তাছাড়া, এ অঞ্চলে সামরিক শক্তি নিয়ে হম্বিতম্বি করার কোনো পরিকল্পনাও তাদের নেই।" যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের চীন সফরকালে মঙ্গলবার প্রথমবারের মতো স্টিলথ জঙ্গি বিমানের সফল পরীক্ষা চালিয়েছে চীন। চীনের সেনাবাহিনীর বড় ধরনের আধুনিকায়ন কর্মসূচির পরিপ্রেক্ষিতে এ পরীক্ষা চালানো হয়। চীনের বিমানবাহী রণতরী, কৃত্রিম উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য আধুনিক পদ্ধতি গড়ে তোলার পরিকল্পনা প্রতিবেশী দেশগুলোকে উদ্বিগ্ন করে তুলেছে। সিউলে কোরিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আহন ইনহে বলেছেন, চীন তাদের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিমত্তা জাহির করার চেষ্টা করছে। চীন এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকেই টার্গেট করছে কিনা এ প্রশ্ন তুলেছে ওয়াশিংটন। এর জবাবে চীন কখনো ইশারা ইঙ্গিতে আবার কখনো অনেকটা স্পষ্টভাবেই জানান দিচ্ছে, তারা পরিপূর্ণভাবে উচ্চপ্রযুক্তির অস্ত্রে সজ্জিত। কিন্তু মঙ্গলবার গেটসের সফরের সময়টিতে স্টিলথ বিমান পরীক্ষা চালানোর পর চীন বলেছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর সফরের সঙ্গে এ পরীক্ষার কোনো সম্পর্ক নেই। এ পরীক্ষা পূর্ব-পরিকল্পিত এবং পরীক্ষার সময়কাল কাকতালীয়ভাবে গেটসের সফরসূচির সঙ্গে মিলে গেছে। চীনের ভাইস পররাষ্ট্রমন্ত্রী কুই বলেছেন, এ বিষয়টি নিয়ে অন্য কোনো দেশেরও উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বেইজিংয়ের ইন্টারনেট সাইটগুলো জানায়, চীন মঙ্গলবার প্রথম নতুন জে-২০ স্টিলথ জঙ্গিবিমানের সফল পরীক্ষা চালিয়েছে এবং এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সামরিক ব্যবধান কমেছে। বর্তমান সময়ে কেবলমাত্র যুক্তরাষ্ট্রই স্টিলথ জঙ্গি বিমান ব্যবহারকারী একমাত্র দেশ। আর রাশিয়া ও চীন এ ধরনের জঙ্গি বিমান তৈরির কাজ করে আসছে। যে বিমানগুলো রাডারে ধরা পড়ে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪৬ ঘ.