অ্যারিজোনা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় টুসন শহরে গুলি চালিয়ে ছয়জনকে হত্যা এবং কংগ্রেস সদস্য গ্যাব্রিয়েল গিফোর্ডসহ কয়েকজনকে আহত করার ঘটনায় আটক ২২ বছর বয়সী জারেড লি লাফনারকে সোমবার আদালতে হাজির করা হয়েছে।
লাফনারের বিরুদ্ধে হত্যাকাণ্ডের দুইটি অভিযোগসহ, কংগ্রেস সদস্যকে হত্যা প্রচেষ্টার অভিযোগ এবং আরো দুটি হত্যা প্রচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
বিবিসি জানিয়েছে, লাফনার হাতকড়া এবং কয়েদিদের পোশাক পরে আদালত কক্ষে প্রবেশ করেন। তার মাথার ডান দিকে ক্ষত ছিলো।
আদালতে ১৩ মিনিটব্যাপী তার মামলার শুনানি হয়। শুনানিতে খুব কমই কথা বলেছেন লাফনার। তাকে মাঝে মাঝে সামনের দিকে ঝুঁকে মাইক্রোফোনে কথা বলতে দেখা যায়।
মামলার পরবর্তী প্রাথমিক শুনানির দিন ধার্য করা হয়েছে ২৪ জানুয়ারি।
কৃতকর্ম বুঝতে পারছেন জানিয়ে লাফনার বলেন, হত্যাকাণ্ডের দায়ে তার যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড হতে পারে তা বুঝতে পারছেন তিনি।
টুসনে শনিবার একটি সমাবেশে আততায়ী লাফনারের গুলিতে একজন বিচারক এবং নয় বছর বয়সী একটি মেয়েসহ ছয় জন নিহত হয়। আহত হন কংগ্রেসের এক নারী সদস্য গিফোর্ডস।
ঘটনাস্থল থেকে লাফনারকে আটক করে হাজতে নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬০১ ঘ.
bdnews24