২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরির দাবিতে তিউনিশিয়ায় বিক্ষোভ-সংঘর্ষে নিহত ২

তিউনিশিয়ায় চাকরি ও বিনিয়োগের দাবিতে চলমান বিক্ষোভ-সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 09:35 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

তিউনিস, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিউনিশিয়ায় চাকরি ও বিনিয়োগের দাবিতে চলমান বিক্ষোভ-সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শনিবার রাজধানী তিউনিসের ২০০ কিলোমিটার উত্তরপশ্চিমে থালা এলাকায় বিক্ষোভরতদের ওপর পুলিশের গুলিতে দুই বেসামরিক নাগরিকের মৃত্যু হয়। তিউনিশ সরকার রোববার একথা জানিয়েছে। আলজেরিয়ার প্রতিবেশী উত্তর আফ্রিকার এ দেশটিতে গত এক মাস ধরে চাকরি ও বিনিয়োগের দাবিতে বিক্ষোভ চলছে। তবে সরকার বলছে, দেশের ক্ষতি করতে একটি ক্ষুদ্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এ বিক্ষোভ করছে। থালার হাসপাতালের এক কর্মকর্তা নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে রয়টার্সকে বলেন, সংঘর্ষে আহত বেশ কয়েক জন হাসপাতালে ভর্তি হয়েছে। সহিংসতায় অন্তত এক জন মারা গেছে বলেও নিশ্চিত করেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষোভকারীরা একটি সরকারি ভবনে আগুন লাগায় এবং পুলিশের দিকে পাথর ও পেট্রোল বোমা ছোড়ে। তখন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে জলকামান ব্যবহার করে এবং তারপর বিক্ষুব্ধদের লক্ষ্য করে গুলি ছোড়ে। থালার নিকটবর্তী শহর গ্যাসরিনেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তবে বিক্ষোভ-সংঘর্ষ সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। তিউনিশিয়ার প্রেসিডেন্ট জাইন আল-আবিদিন বেন আলি বলেছেন, সহিংস বিক্ষোভ মেনে নেওয়া হবে না। এতে বিনিয়োগকারী ও পর্যটকরা দেশটিতে যেতে আগ্রহ হারাচ্ছে বলেও দাবি করেন তিনি। তিউনিশিয়ার আয়ের একটি বড় অংশ আসে পর্যটন খাত থেকে। ওদিকে, বিক্ষোভ নিয়ে উদ্বেগ জানাতে জাতিসংঘে তিউনিশিয়ার রাষ্ট্রদূতকে ওয়াশিংটনে ডাকা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে জাতিসংঘ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৫৩১ঘ.