২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটারকে যুক্তরাষ্ট্র উইকিলিকস-সম্পৃক্তদের তথ্য প্রয়োজন

টুইটারের কাছে 'উইকিলিকস সক্রিয়দের' তথ্য চেয়েছে যুক্তরাষ্ট্রের এক আদালত। জুলিয়ান অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে কী অভিযোগ আনা যায় তা খতিয়ে দেখছে দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 06:59 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টুইটারের কাছে 'উইকিলিকস সক্রিয়দের' তথ্য চেয়েছে যুক্তরাষ্ট্রের এক আদালত। জুলিয়ান অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে কী অভিযোগ আনা যায় তা খতিয়ে দেখছে দেশটি। বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ভার্জিনিয়ার জেলা আদালতের এক আদেশে টুইটার অ্যাকাউন্টে ব্যবহৃত নাম, ঠিকানা, যোগাযোগের তথ্য, টেলিফোন নম্বর ও আয়ের পরিমাণ ও উৎস বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। এ তালিকায় আইসল্যান্ডের এমপি বিরগিত্তা জোন্সদোত্তিরও নাম রয়েছেন। আদালতের ১৪ ডিসেম্বরের আদেশে বলা হয়, "চলমান তদন্তের জন্য তথ্যগুলো দরকার।" যুক্তরাষ্ট্রের এ তদন্তের বিষয়টি প্রকাশ না করার জন্যও টুইটারকে নির্দেশ দেওয়া হয়। অ্যাস্যাঞ্জ শনিবার এক বিবৃতিতে আদালতের এ নির্দেশের নিন্দা জানিয়ে বলেছেন, এটা হয়রানি ছাড়া আর কিছু নয়। শুক্রবার জোন্সদোত্তির বলেন, যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় তার ব্যক্তিগত তথ্য ও ১ নভেম্বর ২০০৯ থেকে এ পর্যন্ত টুইটারে তার বিনিময় করা সব ধরনের বার্তার বিষয়ে জানতে চেয়েছে। এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে টুইটার জানায়, "আইনি বাধা না থাকলে ইউজারের ব্যক্তিগত তথ্য জানতে আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের অনুরোধ থাকলে ইউজারকে জানানোর বিষয়টি আমাদের নীতিতে রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/০০৪৪ ঘ.