২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলায় পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ

ভেনেজুয়েলায় রোববার পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এ নির্বাচনকে ন্যাশনাল এসেম্বলিতে প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের একচেটিয়া আধিপত্য রক্ষার লড়াই বলে মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 02:10 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

কারাকাস, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ভেনেজুয়েলায় রোববার পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এ নির্বাচনকে ন্যাশনাল এসেম্বলিতে প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের একচেটিয়া আধিপত্য রক্ষার লড়াই বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, প্রায় পাঁচ বছর পর পার্লামেন্ট নির্বাচনে অংশ নিয়ে বড় ধরণের সাফল্যের বিষয়ে আশাবাদী ভেনেজুয়েলার বিরোধী দলগুলি। ২০০৫ সালে এর আগের পার্লামেন্ট নির্বাচন বয়কট করেছিল বিরোধী দলগুলো। তবে, বিরোধীদের প্রত্যাশিত সাফল্যের অর্থ হল পার্লামেন্টের ১৬৫ আসনের এক তৃতীয়াংশের বেশি আসন তারা নিজেদের দখলে আনতে পারবে কিনা। কারণ এক তৃতীয়াংশ আসন দখলে থাকলে আইন-কানুনের বড় ধরণের রদবদল এবং সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে বিরোধী দলগুলির সমর্থন প্রয়োজন হবে শ্যাভেজের। এ নির্বাচনকে ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে শ্যাভেজের সমর্থন যাচাইয়ের পরীক্ষা হিসেবেও বিবেচনা করা হচ্ছে। পাার্লামেন্ট নির্বাচনে না সরাসরি অংশ না নিলেও শ্যাভেজের কিংবদন্তীতুল্য ব্যক্তিত্ব নির্বাচনী প্রচারাভিযানে যথেষ্ঠই প্রভাব বিস্তার করেছে। জনমত জরিপে দেখা গেছে, শ্যাভেজের জনপ্রিয়তা এখন ৪০ থেকে ৫০ শতাংশের মধ্যে। গত কয়েক বছরের তুলনায় গণসমর্থনের এ হার কম হলেও পার্লামেন্টে শ্যাভেজের ক্ষমতাসীন 'ইউনাইটেড সোশিয়ালিস্ট পার্টি'র সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার জন্য তা যথেষ্ট বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজধানী কারাকাসের পার্শ্ববর্তী সেবুক্যানে শ্যাভেজের ছবি আঁকা টি-শার্ট পরা এক পত্রিকা বিক্রেতার মনোভাবেও এমনটাই ফুটে উঠেছে। ৪৪ বছর বয়সী কার্লোস ক্রিস্টিয়ানি বলছিলেন, "এটা স্পষ্ট যে শ্যাভেজের সমস্যা আছে। কিন্তু কেউই অন্য লোকদের (বিরোধীদল) চায় না। তারা আরও বেশি হতাশাজনক হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএমটি/২০০৫ ঘ.