২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ-মার্কিন নভোচারী নিয়ে সয়ুজের অবতরণ

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র হতে দু'জন রাশিয়ান ও একজন মার্কিন নভোচারী নিয়ে রাশিয়ার একটি সয়ুজ ক্যাপসুল নিরাপদে কাজাখস্তানে অবতরণ করতে পেরেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 02:57 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

করোলিয়ভ, রাশিয়া, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র হতে দু'জন রাশিয়ান ও একজন মার্কিন নভোচারী নিয়ে রাশিয়ার একটি সয়ুজ ক্যাপসুল নিরাপদে কাজাখস্তানে অবতরণ করতে পেরেছে। যান্ত্রিক গোলযোগের কারণে মহাকাশ কেন্দ্র হতে ফেরার সময় শুক্রবার প্রথম চেষ্টা ব্যর্থ হলেও শনিবার সয়ুজের চেষ্টা সফল হয়। মস্কোর বাইরে অভিযান নিয়ন্ত্রণ কেন্দ্রের একজন ঘোষক বলেছেন, "টিএমএ মডিউলটি অবতরণ করেছে।" এ সময় উপস্থিত কর্মকর্তাবৃন্দ ও আত্মীয়-স্বজনরা হাততালি দিচ্ছিল। মহাকাশ কর্মকর্তারা জানিয়েছেন, ক্যাপসুলটি স্বাভাবিকভাবে, সঠিক সময়ে এবং মধ্য কাজাখস্তানের বিস্তর্ণ তৃণভূমি আরকালিকের কাছাকাছি নির্ধারিত স্থানেই অবতরণ করেছে। অবতরণের পর সয়ুজ কমান্ডার আলেকজান্ডার স্কভোর্টসভ বলেছেন, "আমার দারুণ লেগেছে। সহজ ও স্বাভাবিকভাবে আমরা অবতরণ করেছি।" স্কভোর্টসভের সঙ্গে আরো ছিলেন নাসা নভোচারী ট্রেসি কাল্ডওয়েল ডিজন ও রাশিয়ান নভোচারী মিখাইল কোরনিয়েনকো। তারা তিনজন প্রায় ছয় মাস আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে কাটিয়েছেন। একই নভোযান টিএমএ-১৮ দিয়ে তারা ৪ঠা এপ্রিল সেখানে পৌঁছেছিলেন। নাসার নভোচারীবাহী মহাকাশ পরিকল্পনার উপ-পরিচালক মার্ক বাউমেন বলেছেন, "এ নাবিকদের মহাকাশে কয়েকটি গুরুতর সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তবে তারা সব সমস্যাই দক্ষ হাতে সমাধান করেছে।" আগামী বছর হতে নাসা নভোযান পাঠানোয় বিরতি দেওয়ার পর একমাত্র রাশিয়ান সয়ুজই মহাকাশ স্টেশনে সব নাভোচারী আনা-নেওয়া করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএমটি/২০৫০ ঘ.