২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চালকের ফোন ব্যবহারে ১৬ হাজার মৃত্যু

গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা বা বার্তা পাঠাতে গিয়ে চালকরা অমনোযোগী হওয়ায় ২০০১ সাল হতে ২০০৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ১৬ হাজার ব্যক্তি প্রাণ হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2010, 03:47 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা বা বার্তা পাঠাতে গিয়ে চালকরা অমনোযোগী হওয়ায় ২০০১ সাল হতে ২০০৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ১৬ হাজার ব্যক্তি প্রাণ হারিয়েছে। যুক্তরাষ্ট্রের একদল গবেষক বৃহস্পতিবার একথা জানিয়েছেন। চালকদের মোবাইল ফোন ব্যবহারের কারণে সৃষ্ট দুর্ঘটনায় কতজন প্রাণ হারায় তা নির্ণয়ের জন্য প্রথম কয়েকটি গবেষণার মধ্যে এটি একটি। গবেষণায় দেখা গেছে, এ ধরনের চালকের সংখ্যা বাড়ছে এবং তাদের বয়স ৩০- এর নিচে। ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস হেলথ সায়েন্স সেন্টারের গবেষক ফারনান্দো উইলসন ও জিম স্টিম্পসন গবেষণাটি পরিচালনা করেছেন এবং তা 'আমেরিকান জার্নাল অব পাবলিক হেলথ' নামক সাময়িকীতে প্রকাশিত হয়েছে। আগের গবেষণাগুলোয় বলা হয়েছে, শুধু ফেনে কথা বললেই চালকরা অমনোযোগী হয়ে যেতে পারে। কিছু গবেষণায় দেখানো হয়েছে, মোবাইল ফোন হাত দিয়ে না ধরে কথা বললেও দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে উইলসন জানিয়েছেন, বার্তা পাঠানো এবং ই-মেইল ও অন্যান্য সেবাসমৃদ্ধ তথাকথিত স্মার্ট ফোন ব্যবহার সমস্যায় নতুন মাত্রা যোগ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/জিএনএ/২১৪৪ ঘ.