২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটক চীনা ক্যাপ্টেনকে মুক্তি দেবে জাপান

চীনা ট্রলারের আটক ক্যাপ্টেনকে শুক্রবার মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান। বিষয়টি নিয়ে এশিয়ার সর্ববৃহৎ অর্থনীতির দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে জাপান এ সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2010, 08:39 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

টোকিও, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনা ট্রলারের আটক ক্যাপ্টেনকে শুক্রবার মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান। বিষয়টি নিয়ে এশিয়ার সর্ববৃহৎ অর্থনীতির দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে জাপান এ সিদ্ধান্ত নিয়েছে। জাপানের গণমাধ্যম থেকে এ তথ্য জানা গেছে। জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়ার এক সরকারি আইনজীবী জানিয়েছেন, তারা চীনা মাছ ধরার ট্রলারের ক্যাপ্টেনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, এ মাসের প্রথম দিকে পূর্ব চীন সাগরের একটি দ্বীপের কাছে বিরোধপূর্ণ জলসীমায় জাপানি উপকূলরক্ষী বাহিনীর দুটি জাহাজের সঙ্গে চীনা মাছ ধরা ট্রলারের সংঘর্ষ হলে সবাইকে আটক করে জাপান। পরবর্তী সময়ে ১৪ জনকে ছেড়ে দিলেও ক্যাপ্টেনকে ছাড়েনি জাপান কর্তৃপক্ষ। 'জাপানিজ টিভি' তে দেয়া এক সাক্ষাৎকারে ওই আইনজীবী বলেছেন , 'সিনো - জাপান' অর্থাৎ চীন ও জাপানের সম্পর্কের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ প্রসঙ্গে বেইজিং এর টিসিংহুয়া বিশ্ববিদ্যালয়ের জাপান বিশেষজ্ঞ লিউ জিয়ানইয়ং বলেছেন, "এ সিদ্ধান্তকে চীন সরকার স্বাগত জানাবে।'' তিনি আরো বলেছেন, ''আমি মনে করি এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। এ সিদ্ধান্তের মাধ্যমে চীন ও জাপানের মধ্যে বিরাজমান উত্তেজনার অবসান হবে।'' এর আগে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন চীন ও জাপান কে সমুদ্র সীমানা নিয়ে বিরোধের দ্রুত নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছিলেন। এদিকে মঙ্গলবার চীনা ট্রলারের আটক ক্যাপ্টেনকে ছেড়ে না দিলে জাপানের বিরুদ্ধে আরো কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও। আটক ক্যাপ্টেনকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার দাবি জানান তিনি। যে দ্বীপগুলোর কাছ থেকে ক্যাপ্টেনকে আটক করা হয়েছে তাদের মালিকানা নিয়েও চীন ও জাপানের মধ্যে বিরোধ রয়েছে। জিয়াবাও ওই দ্বীপগুলোকে 'চীনের পবিত্র এলাকা' আখ্যা দেন। ক্যাপ্টেন আটককে কেন্দ্র করে বিরোধে বেইজিং ইতোমধ্যেই জাপানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা বন্ধ করেছে। অন্যান্য আরো বিষয় নিয়েও আলোচনা পিছিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/সিআর/১৪১২ঘ.